এ বার গ্রেপ্তার ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রাক্তন কাউন্সিলার শামস ইকবাল অনিল। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার শামস ২০২৩ সালে এক ব্যক্তি ও তাঁর পরিবারকে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখিয়ে টাকা তোলেন বলে অভিযোগ। খুনের হুমকি দিয়ে ওই ব্যক্তির কাছ থেকে ৭০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে শামসের বিরুদ্ধে। সম্প্রতি ওই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন। এর পরেই অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে গার্ডেনরিচ থানার পুলিশ।
মেটিয়াবুরুজ এলাকার বাসিন্দা বছর ৩৩-এর মহম্মদ শাদাব শামস ও তাঁর দুই ঘনিষ্ঠ মহম্মদ ফরাজ ও ফিরোজ কুরেশির নামে গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করেন। ২০২৩ সালের জুন মাসের ঘটনা। শাদাব ও তাঁর পরিবারকে প্রাণে মারার হুমকি দিয়ে ৭০ লক্ষ টাকা তুলেছেন বলে অভিযোগ।
তৃণমূলের জমানায় শামস কলকাতার অন্যতম প্রভাবশালী কাউন্সিলার হিসেবেই পরিচিত ছিলেন। অভিযোগ, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন এই শামস ইকবাল। তোলাবাজি, হুমকি, ভয় দেখানো-সহ একাধিক ধারাতে মামলা দায়ের হওয়ার পরে রবিবার রাতে প্রথমে তাঁকে আটক করা হয়। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পরে গ্রেপ্তার করা হয়েছে। এখনও পর্যন্ত নানা অভিযোগে কলকাতা পুরসভার ১০ জন কাউন্সিলারকে গ্রেপ্তার করা হয়েছে।