• উত্তরবঙ্গে দুর্যোগ অব্যাহত, দক্ষিণেও একাধিক জেলায় কমলা সতর্কতা, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কতটা?
    আজ তক | ২৯ জুন ২০২৬
  • একদিকে ভারী বৃষ্টি, অন্যদিকে বর্ষার ঘাটতি, পশ্চিমবঙ্গের আবহাওয়ার সাম্প্রতিক চিত্রটা যেন কিছুটা এরকমই। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির দাপট বেশি না থাকলেও ভাসছে উত্তরবঙ্গ। এমনকি টানা বৃষ্টির পরে সোমবারেও উত্তরবঙ্গের একাধিক জেলার জন্য জারি রয়েছে রেড অ্যালার্ট। অন্যদিকে, গরমে কিছুটা স্বস্তি পেতে বৃষ্টি চাইছে শহর কলকাতা। আজ রাজ্যের কোথায় আবহাওয়া কেমন থাকবে, জেনে নেওয়া যাক।

    কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

    আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। শহরের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। IMD-র পূর্বাভাস অনুযায়ী, দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

    গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৭ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি বেশি।

    দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

    আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এক-দু'টি স্থানে বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। 

    এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এক-দু'টি স্থানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি।

    উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

    আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সমস্ত জেলায় অধিকাংশ এলাকাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনিতেই দুর্যোগে বিপর্যস্ত হয়ে রয়েছে উত্তরবঙ্গ। এরই মধ্যে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় এক-দু'টি স্থানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, এই তিন জেলার এক-দু'টি স্থানে ২০ সেন্টিমিটারেরও বেশি অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে। এই এলাকাগুলির জন্য জারি করা হয়েছে রেড অ্যালার্ট। 

    এছাড়া কালিম্পং ও কোচবিহার জেলার এক-দু'টি স্থানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। 
     

     
  • Link to this news (আজ তক)