• শিয়ালদহ ডিভিশনের ৮ স্টেশনে বন্ধ হচ্ছে রিজার্ভেশন কাউন্টার, ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা
    দৈনিক স্টেটসম্যান | ২৯ জুন ২০২৬
  • আগামী ১ জুলাই থেকে শিয়ালদহ ডিভিশনের আটটি স্টেশনে রিজার্ভেশন টিকিট কাউন্টার (পিআরএস) বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ইতিমধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উত্তর শাখার আগরপাড়া, টিটাগড়, জগদ্দল, বিরাটি, অশোকনগর রোড ও মছলন্দপুর এবং দক্ষিণ শাখার ঢাকুরিয়া ও বজবজ লাইনের নিউ আলিপুর স্টেশনের পিআরএস কাউন্টার বন্ধ হবে।

    রেলের তরফে যাত্রীদের নিকটবর্তী পিআরএস কাউন্টার থেকে রিজার্ভেশন টিকিট কাটার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অনলাইনে আইআরসিটিসির মাধ্যমে টিকিট বুক করারও আবেদন জানানো হয়েছে।রেল সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট কাউন্টারগুলির কাজের চাপ ও অন্যান্য প্রশাসনিক বিষয় পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    তবে এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন বহু যাত্রী। তাঁদের আশঙ্কা, নিজ নিজ স্টেশনে রিজার্ভেশন পরিষেবা বন্ধ হয়ে গেলে অন্য স্টেশনে গিয়ে টিকিট কাটতে অতিরিক্ত সময় ও ভোগান্তির মুখে পড়তে হবে। ভিড়ের কারণে দীর্ঘক্ষণ অপেক্ষা, নির্দিষ্ট সময়ের মধ্যে কাউন্টারে পৌঁছতে না পারার মতো সমস্যাও তৈরি হতে পারে বলে মত যাত্রীদের একাংশের। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)