• বিধানসভায় আজ পেশ হচ্ছে না ইউসিসি বিল, রূপরেখা তৈরিতে গঠন হতে পারে বিশেষ কমিটি
    দৈনিক স্টেটসম্যান | ২৯ জুন ২০২৬
  • অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে গত কয়েক দিন ধরে রাজ্য রাজনীতি তোলপাড়। সোমবার বিধানসভার অধিবেশনে ইউসিসি সংক্রান্ত বিল পেশ হতে পারে বলে জল্পনাও তৈরি হয়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে আপাতত ইউসিসি বিল আকারে বিধানসভায় পেশ হচ্ছে না। পরিবর্তে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে ইউসিসির খসড়া ও রূপরেখা তৈরির জন্য একটি বিশেষ কমিটি গঠনের পরিকল্পানা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিবৃতি দিয়ে এই কমিটি গঠনের কথা ঘোষণা করতে পারেন।

    বিধানসভা নির্বাচনের প্রচারপর্বেই রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রতিশ্রুতি দিয়েছি গেরুয়া শিবির। ক্ষমতায় আসার পর সরকার জানিয়েছিল, সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতি গুলি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। সেই লক্ষ্যেই সরকার গঠনের দেড় মাসের মধ্যে ইউসিসি নিয়ে উদ্যোগ নেওয়া হয়। প্রথম সোমবারই বিলটি পেশ হওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত সরকার রূপরেখা তৈরির দিকেই গুরুত্ব দিচ্ছে।

    সূত্রের খবর, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনাপ্রকাশ দেশাইয়ের নেতৃত্বে এই কমিটি গঠন করা হতে পারে। পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক দল, সমাজের বিভিন্ন স্তর এবং নানা পেশার বিশিষ্ট ব্যক্তিদেরও এই কমিটির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির সময়ও একই ধরনের কমিটি গঠন করা হয়েছিল এবং তার নেতৃত্বেও ছিলেন বিচারপতি রঞ্জনাপ্রকাশ দেশাই।

    জানা গিয়েছে, বিচারপতি দেশাইয়ের সঙ্গে রাজ্য সরকারের প্রাথমিক আলোচনা ইতিমধ্যেই হয়েছে। সোমবার আরও এক দফা বৈঠকের পর কমিটির চেয়ারম্যানের নাম চূড়ান্ত হতে পারে।

    সরকারি সূত্রের দাবি, ইউসিসি কার্যকর করার ক্ষেত্রে একাধিক আইন ও প্রশাসনিক বিষয় বিবেচনায় রাখতে হচ্ছে। তাই তড়িঘড়ি বিল না এনে বিভিন্ন মহলের মতামত নিয়ে ধাপে ধাপে এগোতে চাইছে সরকার। সংশ্লিষ্ঠ সব পক্ষের সঙ্গে আলোচনা করে মতামত সংগ্রহের পরই বিলেল চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হবে বলে প্রশাসনিক সূত্রে খবর।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)