সাতসকালে ফের আগুন আতঙ্ক উত্তরপ্রদেশের নয়ডায়। সোমবার সকালে নয়ডার সেক্টর ১১৯-এর এক আবাসনের ২১ তলার ফ্ল্যাটে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে ওই আবাসনের ওই তলার একাংশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এসি-তে বিস্ফোরণের পরে আগুন লাগে এবং অল্প সময়ের মধ্যেই তা ওই তলায় পাশাপাশি ঘরে ছড়িয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় আবাসনের বাসিন্দাদের মধ্যে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় দমকল।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, প্রথমে ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আচমকাই আগুনের লেলিহান শিখায় ঢেকে যায় ওই ফ্লোরের একাংশ। এর পরেই মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় বহুতলের আশপাশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতেও বহুতলের উপরের তলা থেকে আগুন ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়।
খবর পেয়ে দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। গৌতম বুদ্ধ নগরের সিএফও এবং স্থানীয় পুলিশও উপস্থিত হয়। দমকলের দ্রুত পদক্ষেপের ফলে আগুন অন্য ফ্ল্যাটে ছড়িয়ে পড়া আটকানো সম্ভব হয়। এ ছাড়া বাসিন্দারাও সচেতন ভাবে সঠিক সময়ে বাইরে বেরিয়ে আসায় আরও বড় বিপদ এড়ানো গিয়েছে।
এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর সামনে আসেনি। তবে আগুনে ফ্ল্যাটের অভ্যন্তরে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্তও শুরু হয়েছে। এ ছাড়া এসির প্রযুক্তিগত ত্রুটি ছিল কি না তাও পরীক্ষা করা হচ্ছে।