কলকাতায় ভেঙে পড়ল পুরোনো বাড়ির একাংশ, প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জোড়াবাগানে ২৪ নম্বর কাশীনাথ দত্ত স্ট্রিট এলাকায় ভেঙে পড়েছে বাড়িটি। ওই এলাকা জোড়াবাগান থানার অন্তর্গত। এই ঘটনায় কেউ হতাহত হননি। চার জন ওই বাড়িতে ছিলেন, তাঁদের পরে উদ্ধার করা হয়। পাশের একটি বাড়িতে রাখা হয়েছে তাঁদের।
সোমবার হঠাৎ ভেঙে পড়ে ওই বাড়িটির একাংশ। বাড়িটির ছাদ, দেওয়াল-সহ একাংশ পুরোপুরি ভেঙে পড়ে রাস্তায়।সরু রাস্তা হওয়ায়, ইট ও বাড়ির অংশ পড়ে রাস্তা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। গোটা বাড়ির অবস্থা অত্যন্ত জরাজীর্ণ। কড়িবরগা, বাড়ির থাম ভাঙা অবস্থায় রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাড়িটি নিয়ে অভিযোগ জানানো হয়েছিল স্থানীয় কাউন্সিলার ও পুরসভার কাছে। কিন্তু কোনও কথা শোনা হয়নি বলে অভিযোগ। বাড়িটির যা অবস্থা, তাতে সেটি ভেঙে বিপদ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। দ্রুত বাড়ির বাকি অংশ ভেঙে ফেলার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে আসে পুলিশ। ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে।
এই পুরোনো বাড়ির কোনও রক্ষনাবেক্ষণ ছিল না বলেই জানাচ্ছে প্রশাসন, সেই কারণেই এই পরিণতি বলে মনে করা হচ্ছে। সম্প্রতি কলকাতা শহরে দফায় দফায় ঝড়-বৃষ্টির ঘটনা ঘটেছে। রাতের বেলায় ভেঙে পড়লে আরও বিপদ হতে পারত বলে আশঙ্কা করছেন বাসিন্দারা।