• দেবের অনুরোধ মানল কেন্দ্র, ১৫ কিমি রাস্তার জন্য বরাদ্দ ১৪ কোটি
    বর্তমান | ২৯ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  তৃণমূলের অন্যতম ‘বিদ্রোহী’ সদস্য দীপক অধিকারী (দেব)র অনুরোধ রাখল মোদি সরকার। ঘাটালে ‘প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা’য় সাড়ে ১৫ কিলোমিটার রাস্তা তৈরির জন্য ১৩ কোটি ৮৪ লক্ষ ৯৪ হাজার টাকা অনুমোদন করল কেন্দ্র। ওই টাকায় পশ্চিম মেদিনীপুরের কেশপুর, পিংলা, সবং, দাসপুর-১, ডেবরার মতো পাঁচটি ব্লকের ১০ টি গ্রামের সড়ক যোগাযোগ মসৃণ হবে। নিজের লোকসভা কেন্দ্র ঘাটালের সড়ক ব্যবস্থার উন্নতির জন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে চিঠি দিয়েছিলেন দেব। তারই জবাবে অর্থ অনুমোদনের কথা জানিয়ে পালটা দেবকে চিঠি দিয়েছেন শিবরাজ। জানিয়েছেন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চতুর্থ পর্বে ঘাটালে নটি রাস্তা হবে। কোথায় কতটা রাস্তা হবে, তার একটি তালিকাও দেবকে দেওয়া হয়েছে। বলা হয়েছে, প্রায় সাড়ে ১৫ কিলোমিটার রাস্তা হবে। তার জন্য টাকাও দেওয়া হচ্ছে। এই কাজের ফলে এলাকায় স্রেফ যাতায়াত ব্যবস্থা মসৃণই নয়। আর্থিক, সামাজিক উন্নতিও হবে। তাই কাজের ক্ষেত্রে যেন কোনো গাফিলতি বা নিম্নমানের সামগ্রী ব্যবহার না করা হয়, সেটা নিশ্চিত করতে হবে। দেবকে দেওয়া চিঠিতে শিবরাজ অনুরোধের সুরে হলেও সতর্ক করেছেন। বলেছেন, এলাকার জনপ্রতিনিধি হিসেবে নজর রাখবেন যাতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার এই রাস্তার কাজে গুণগত মান নিয়ে কোনো আপস না করা হয়।
  • Link to this news (বর্তমান)