• ‘সরকারি বাস তো দাঁড়াচ্ছেই না!’ ‘বিনামূল্য যাত্রা’য় ভোগান্তির অভিযোগ মহিলাদের, পাল্টা যুক্তি কন্ডাক্টরদেরও
    বর্তমান | ২৯ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিকেল সাড়ে পাঁচটা। নিউটাউন থেকে দক্ষিণ কলকাতা যাচ্ছে সরকারি এসি বাস। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। নিকো পার্কের পরের স্টপেজে দাঁড়িয়ে জনা পাঁচেক মহিলা। বাস আসছে দেখে প্রায় রাস্তায় উঠে এসে হাত তুলে বাস থামানোর ইশারা করলেন। বাস দাঁড়াল না। মহিলাদের মুখগুলি ছোটো হয়ে গেল। খানিকটা এগিয়ে সরকারি বাসটি গিয়ে দাঁড়াল সামনের সিগনালে। বাসের যাত্রীরা প্রায় রে রে করে উঠলেন। চালকের বক্তব্য, ‘বেশি ভিড় হলে এসি ঠান্ডা করতে পারবে না।’ বাস ছাড়ল। চিংড়িঘাটায় দাঁড়াল। প্রায় আটজনের মতো উঠলেন। তাঁদের মধ্যে ছ’জন পুরুষ, দু’জন মহিলা।

    এখন রাজ্যে সরকারি বাসে উঠলে মহিলাদের ভাড়া দিতে হয় না। বহু মহিলার অভিযোগ, এই নয়া ব্যবস্থা চালুর পর স্টপেজে মহিলাদের দাঁড়িয়ে থাকতে দেখলে অনেক সরকারি বাসের চালক-কন্ডাক্টর বাস দাঁড় করান না। যদিও বাসচালক কিংবা কন্ডাক্টররা এ অভিযোগ মানতে নারাজ। তাঁদের বক্তব্য, ‘স্টপেজের মাঝে হাত দেখিয়ে দাঁড় করাতে চাইলে আমরা এমনিতেই বাস থামাই না। এখনও থামাচ্ছি না।’ বর্তমান ব্যবস্থায় এসি বা নন এসি বাসে উঠে পরিচয়পত্র দেখালে বাস কন্ডাক্টর মহিলাদের ফ্রি টিকিট প্রিন্ট করে দেন। মহিলাদের জন্য নির্দিষ্ট কার্ড তৈরি হবে রাজ্য সরকার জানিয়েও দিয়েছে। যদিও এক শ্রেণির চালক-কন্ডাক্টরের দৌলতে সরকারি ফ্রি ব্যবস্থা পড়েছে বিতর্কের মুখে।

    সমস্যা একটা নয়। মহিলাদের অনেকের অভিযোগ, ‘ফোনে থাকা আধার কার্ডের সফট কপি দেখালে অনেক কন্ডাক্টর বলেন কাগজ দেখাতে হবে।’ দিনকয়েক আগে গড়িয়া-হাওড়া রুটের একটি বাসে দেশপ্রিয় পার্ক থেকে উঠে এক মহিলা অভিযোগ জানালেন, ‘এর আগে দু’টো সরকারি বাস দাঁড়ায়নি।’ কন্ডাক্টর বললেন, ‘আমিও দাঁড়াতাম না। রাস্তার মাঝে হাত দেখালে দাঁড়ানো যায় না। সিগনাল ছিল বলে দাঁড়ালাম।’

    মহিলাদের ভাড়াহীন বাসভ্রমণে নানা অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন কন্ডাক্টররা। সাঁতরাগাছি-নিউটাউন রুটে চলা একটি এসি সরকারি বাসের কন্ডাক্টর বললেন, ‘অদ্ভুত সব অভিজ্ঞতা হচ্ছে। কোথায় যাবেন জিজ্ঞেস করলে কয়েকজন প্রশ্নের কোনো উত্তর দিচ্ছেন না। বাসে উঠে দু’স্টপেজ যাওয়ার পর নেমে যাচ্ছেন। তাঁদের টিকিট কাটার সময় পর্যন্ত পাচ্ছি না আমরা। অনেকে যে পথ আগে হেঁটে যেতেন এখন তাঁরা এসি বাসে চড়ে যাচ্ছেন। অনেকে ফ্রিতে যাবেন বলে বারবার সরকারি বাস বদলাচ্ছেন। তাতে অবশ্য আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু কোথায় যাবেন সেটা তো আমাদের বলতে হবে। না হলে টিকিট কাটা সম্ভব হচ্ছে না।’ সবমিলিয়ে নতুন সরকারের নতুন ঘোষণার পর সরকারি বাসে এই নতুন ঘটনার উদ্রেক হয়েছে। মহিলারা সরকারের এই সেবামূলক উদ্যেগে খুশি। তাঁদের বক্তব্য, বাস দাঁড় না করানোর সমস্যা দূর করতে সরকার দ্রুত ব্যবস্থা নিক। না হলে সরকারের এই সাধু উদ্যোগ বিফলে যাবে।
  • Link to this news (বর্তমান)