• ৫০০ কন্টেন্ট ক্রিয়েটার ল্যাব গড়ার প্রস্তাব বাজেটে, আশান্বিত রাজ্যের ইনফ্লুয়েন্সাররা
    বর্তমান | ২৯ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গের বাজেটে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব স্থাপনের প্রস্তাব করা হয়েছে। এবছর প্রায় সাতহাজার ছাত্রছাত্রী ও যুবকে ট্রেনিং দিতে ৫০০টি কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব স্থাপনের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তার জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাবও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় বাজেটেও দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, দেড় হাজার মাধ্যমিক স্কুল এবং পাঁচশো কলেজে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব গড়ে তোলা হবে। রাজ্যের এই প্রস্তাবে প্রাথমিকভাবে সাধুবাদ জানাচ্ছেন বাংলার কন্টেন্ট ক্রিয়েটররা। 

    বাঙালি কন্টেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্ত বলছিলেন, ‘আমি তো ভালো বলব। আমরা যাঁরা দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছি, যাঁরা ঘর মোছা, পরোটা করা ছাড়া স্ক্রিপ্ট লিখে কিছু করার চেষ্টা করছি, তাঁদের পাশে সরকার থাকলে তো ভালোই। প্রশিক্ষণ দিয়ে কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করা যায় কি না আমি জানি না। কিন্তু এর ফলে যদি মানুষের কর্মসংস্থান হয়, সেটা অবশ্যই গ্রহণযোগ্য। আবার যেন এটা না-হয়, ওরা যা শেখাল তার বাইরে কেউ ভাবতে না পারে।’ অন্যদিকে, ‘দ্য বং গাই’ কিরণ দত্ত বলছেন, ‘প্রাথমিকভাবে বলতে গেলে, আমি যখন মফস্‌সল থেকে কলকাতা এসে বিভিন্ন প্রোডাকশন হাউ঩সে যেতাম, অনেক জায়গায় সুযোগ পাইনি। তারপর তো নিজের থেকেই কাজটা করি। তবে হ্যাঁ, ডিজিটাল শিক্ষা তো অবশ্যই লাগবে।’ 

    বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েশন নতুন উপার্জনের দিগন্ত খুলে দিয়েছে। সেদিক থেকে এই প্রশিক্ষণের উদ্যোগকে সমর্থনই জানাচ্ছেন সকলে।
  • Link to this news (বর্তমান)