• হলফনামায় সম্পত্তির তথ্য গোপন? তৃণমূল বিধায়কের নামে অভিযোগ
    বর্তমান | ২৯ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় স্বামী ও মেয়ের নামে গচ্ছিত বিপুল টাকার সম্পত্তির তথ্য গোপন করার অভিযোগ উঠল সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পালের বিরুদ্ধে। এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি কর্মী সঞ্জিত জানা। রবিবার সাঁকরাইল থানায় জমা দেওয়া ওই অভিযোগে তিনি দাবি করেন, বিধায়ক ও তাঁর পরিবারের প্রকৃত সম্পত্তির বিবরণ হলফনামায় উল্লেখ করা হয়নি।

    অভিযোগপত্রে সঞ্জিত জানান, ২০২১ সালে বিধায়ক হওয়ার পর থেকেই প্রিয়া পাল রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে তোলাবাজির মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করেন। সেই অর্থে স্বামী ও মেয়ের নামে বিভিন্ন জায়গায় জমি, বাড়িসহ একাধিক মূল্যবান সম্পত্তি কেনা হয়েছে বলে তাঁর দাবি। এমনকি হোটেলের মতো ব্যবসায়িক সম্পত্তিও তৈরি করা হয়েছে বলে তাঁর অভিযোগ। বিজেপি কর্মীর দাবি, বিধায়ক হওয়ার আগে প্রিয়া পাল বা তাঁর পরিবারের নামে উল্লেখযোগ্য সম্পত্তি ছিল না। বর্তমানে তাঁর প্রায় পাঁচ কোটি টাকার জমি ও বাড়ির পাশাপাশি কয়েক কোটি টাকার অন্য সম্পত্তিও রয়েছে। দাবি করা হয়েছে ওই অভিযোগে। এসব সম্পত্তির তথ্য নির্বাচন কমিশনের হলফনামায় গোপন রাখা হয়েছে বলেও অভিযোগকারীর দাবি। 

    যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক প্রিয়া পাল। এই বিষয়ে অন্য কোনো মন্তব্যও করতে চাননি তিনি। অন্যদিকে, পুলিশ জানিয়েছে, এই সংক্রান্ত লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখবে তারা।
  • Link to this news (বর্তমান)