• হাওড়া স্টেশন চত্বরে তোলাবাজি, শিলিগুড়ি থেকে ধৃত তৃণমূল নেতা
    বর্তমান | ২৯ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া স্টেশন চত্বরের হকার ও ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি করা হয়েছে। এই অভিযোগে হাওড়া সদর আইএনটিটিইউসির প্রাক্তন সভাপতি অরবিন্দ দাস ওরফে টাবলুকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে এলেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পরই পলাতক ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে মোট ১৫টি অভিযোগ দায়ের করেছিলেন ব্যবসায়ীরা। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশের একটি দল উত্তরবঙ্গে অভিযান চালায়। শুক্রবার রাতে শিলিগুড়িতে এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

    জানা গিয়েছে, ফল ঘোষণার রাতেই অরবিন্দ দাসের বাড়িতে হামলা হয়। তারপর থেকে তাঁর খোঁজে তল্লাশি শুরু করে হাওড়া সিটি পুলিশ। অবশেষে শিলিগুড়িতে তাঁর সন্ধান মেলে। রবিবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাঁকে পাঁচদিনের জন্য পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। 

    রাজনৈতিক মহলে অরবিন্দ দাস পরিচিত মুখ ছিলেন। তিনি উত্তর হাওড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী এবং আইএনটিটিইউসির প্রাক্তন রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। যদিও ভোটের ফল ঘোষণার পর বিদ্রোহী ঋতব্রত শিবিরের কোনও কর্মসূচিতে তাঁকে আর দেখা যায়নি। এদিকে, তাঁর গ্রেপ্তারি নিয়ে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)