• ভাড়ার টাকা কম, যাত্রীর মোবাইল নিয়েই চম্পট অ্যাপ বাইক চালকের!
    বর্তমান | ২৯ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাতের শহরে হেনস্তার শিকার হলেন এক তরুণী। বাড়ি ফেরার পথে অ্যাপ বাইকের নির্ধারিত ভাড়া দিতে গিয়ে সমস্যায় পড়েন তিনি। তরুণীর ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট ভাড়ার চেয়ে ৪১ টাকা কম ছিল। এজন্য যাত্রীর মোবাইল ছিনতাই করেই চম্পট দিলেন বাইকচালক! সার্ভে পার্ক থানায় এনিয়ে অভিযোগ করেছেন তরুণী। তার ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছেন তদন্তকারীরা। 

    শনিবার ঘটনাটি ঘটে। এদিন রাত সাড়ে ১০টা নাগাদ বেহালার সখেরবাজার থেকে অ্যাপ বাইকে চড়েন রক্তিমা বালা। সাড়ে ১১টা নাগাদ সন্তোষপুরের লেক ইস্ট রোডে বাড়ির সামনে নামেন তরুণী। তাঁর অভিযোগ, অ্যাপ বাইকে যাত্রার জন্য ১১৮ টাকা বিল হয়। অনলাইনে সেই টাকা পেমেন্ট করতেই গিয়ে সমস্যায় পড়েন রক্তিমা। তিনি পুলিশকে জানিয়েছেন, সেই মুহূর্তে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে ৭৭ টাকা অবশিষ্ট ছিল। অর্থাৎ, অ্যাপ বাইকের নির্ধারিত বিলের তুলনায় ৪১ টাকা কম। তরুণীর কাছে নগদও ছিল না। তরুণীর দাবি, বাকি টাকার বদলে নিজের ঘড়ি বাইকচালকের কাছে জমা রাখার জন্য অনুরোধ জানান। 

    অভিযোগ, সেই সময়েই তরুণীকে হেনস্তা করেন বাইকচালক। সুযোগ বুঝে তরুণীর হাতের মোবাইল ফোনটি ছিনিয়ে বাইক নিয়ে চম্পট দেন অভিযুক্ত চালক। অভিযোগকারিণী পুলিশকে জানান, তিনি জোরে চিৎকারও করেন তৎক্ষণাৎ। কিন্তু ওই রাতে ঘটনাস্থলে কেউ ছিল না। তাই বাইকচালককে আটকানো সম্ভব হয়নি। পুলিশ সূত্রের খবর, তরুণীর থেকে সংশ্লিষ্ট রাইডের যাবতীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। বাইকের নম্বর প্লেটের সূত্র ধরে অভিযুক্তের সন্ধান চলছে। 
  • Link to this news (বর্তমান)