• রিষড়ায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে খুন, মানুষ মারা এখন যেন জলভাত! খুন করা কি এতই সহজ?
    News18 বাংলা | ২৯ জুন ২০২৬
  • কথায় কথায় খুন। পান থেকে চুন খসলে খুন। পুণে, কৃষ্ণনগরের পর প্রশ্ন উঠছে রিষড়ায় গৃহবধূ খুনে। অভিযোগ, পরকীয়ার সন্দেহ থেকেই স্ত্রীকে খুন। তারপর নিজেও আত্মঘাতী। খুন করা কি এতই সহজ? একের পর এক খুনের ঘটনায় নানা প্রশ্ন।

    পরকীয়া সন্দেহে খুন:

    সন্দেহ, পরকীয়া, সম্পর্কের টানাপোড়েন আর পরিশেষে মৃত্যু। প্রথমে স্ত্রী, পরে স্বামী। চাঞ্চল্যকর ঘটনায় জোর শোরগোল রিষড়ায়। শনিবার সকালে রিষড়ায় উদ্ধার হয়েছিল স্ত্রীর গলাকাটা দেহ। কিন্তু খোঁজ মিলছিল না স্বামীর। সন্দেহ গিয়ে পড়েছিল তার উপরেই। খোঁজও চলছিল। ওইদিন সন্ধ্যাতেই খবর মেলে বেলগাছিয়া স্টেশনে মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন স্বামী।

    আরও পড়ুন– পোষ্য কুকুরকে নিয়ে থাকতেন ওই দম্পতি, সবাই ভাবতেন তাঁরা পশুপ্রেমী; মোবাইল ফোনই ফাঁস করল সেই জঘন্য গোপন রহস্য!

    হুগলির রিষড়ায় তিন নম্বর গভঃ কলোনি প্রাথমিক স্কুলের পাশে ভাড়া থাকতেন মনিকা ওঝা। ভাড়া বাড়িতে ছয় বছরের মেয়েকে নিয়ে দীর্ঘদিন থেকেই ছিলেন মনিকা। স্বামী থাকতেন দিল্লিতে। এরইমধ্যে শুক্রবার রিষড়ার বাড়িতে ফিরে আসেন দীপঙ্কর। কিন্তু কে জানতো তারপরই বাড়িতে এমন অঘটন ঘটবে। স্থানীয় সূত্রে খবর, স্বামীর সন্দেহ ছিল, স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই নিয়ে বিবাদের জেরেই খুন বলে অনুমান স্থানীয়দের।

    স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে তাঁদের ঘর থেকে প্রচণ্ড চিৎকারের শব্দ পান প্রতিবেশীরা। কিন্তু শনিবার সকালে কোনও সাড়া না পাওয়াতেই সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরা গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, বিছানায় পড়ে রয়েছে মনিকার রক্তাক্ত দেহ। পাশে শুয়েছিল ছ’বছরের মেয়ে।

    আরও পড়ুন– এখনই বিধানসভায় আনা হচ্ছে না UCC বিল! উচ্চপর্যায়ের কমিটি গঠিত হবে, সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ

    মহিলা খুনের পর থেকেই পুরোদমে স্বামীর খোঁজ শুরু করেছিল পুলিশ। এ নিয়ে যখন শোরগোল চলছে তখনই সামনে আসে দীপঙ্কর সরকার নামে এক যুবকের মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার খবর। ঘটনাচক্রে জানা যায় ওই যুবকই মনিকার স্বামী। পুণে, কৃষ্ণনগর আর এবার রিষড়া। একের পর এক ঘটনা যেন একটা বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিচ্ছে সমাজের সামনে। এটা পছন্দ না খুন! ওটা মনের মতো হল না খুন। সাধারণ একটা তর্কাতর্কি বা সন্দেহ, যা হয়তো শান্ত মাথায় কথা বললেই মিটে যেত, সেখানে মানুষ মুহূর্তের মধ্যে কেন এমন চরম হিংস্র হয়ে উঠছে? সব সমস্যার সমাধান কি শুধুই খুন? একটা জীবন কেড়ে নেওয়া কি এতটাই সহজ? সাম্প্রতিককালের এই একের পর এক নৃশংস ঘটনা কিন্তু সেই প্রশ্নই তুলে দিচ্ছে।
  • Link to this news (News18 বাংলা)