মা বাথরুমে যেতেই খাট থেকে উধাও! কীভাবে গেট খুলে পুকুরে গেল ২ মাসের শিশু? দেহ মিলতেই চাঞ্চল্য
News18 বাংলা | ২৯ জুন ২০২৬
: দুই মাসের শিশুর রহস্যমৃত্যু, পুকুরে মিলল দেহ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের বোলদেপোতা এলাকার ঘটনা। জানা যায়, দুই মাসের এক শিশুর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুকুর থেকে উদ্ধার হয়েছে শিশুটির দেহ। রবিবার রাতের এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ তোলা হয়েছে।
পরিবারের দাবি, এদিন শিশুটির মা বাড়ির বারান্দায় খাটের উপর শিশুটিকে শুইয়ে রেখে কিছুক্ষণের জন্য শৌচালয়ে যান। সেই সময় বাড়িতে আর কেউ ছিলেন না। ফিরে এসে তিনি দেখেন, খাটে শিশুটি নেই এবং বারান্দার গেট খোলা অবস্থায় রয়েছে। এরপরই পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা মিলে শিশুটির খোঁজ শুরু করেন। খবর দেওয়া হয় হাসনাবাদ থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির নিথর দেহ ভাসতে দেখা যায়।
দ্রুত তাকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। শিশুর পরিবারের অভিযোগ, এটি নিছক দুর্ঘটনা নয়। তাদের দাবি, পরিকল্পনা করেই শিশুটিকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে , তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ। বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে শিশুটির ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।