• হুল দিবস 'সেলিব্রশনে' তোড়জোড় মুকুটমণিপুরে, পা রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
    News18 বাংলা | ২৯ জুন ২০২৬
  • ৩০ জুন হুল দিবস উপলক্ষে মুকুটমণিপুরে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যস্তরের অনুষ্ঠান। মুকুটমণিপুরের একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের মাঠে জোরকদমে চলছে প্রস্তুতি। ওই মাঠেই প্রস্তুতি বৈঠক করে জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রীর দফতরের নিরাপত্তা আধিকারিকরা। বৈঠকে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত, জেলা পুলিশ সুপার পিভিজি সতীশ, রাজ্যের মন্ত্রী তথা রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু, রাইপুরের বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা, খাতড়ার মহকুমাশাসক তাপস ভট্টাচার্য সহ প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিকরা।

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হুল দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যোগ দেওয়ার কথা রয়েছে। তার সফরকে ঘিরে নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ ও সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। ইতিমধ্যেই অনুষ্ঠানস্থলের পাশাপাশি খাতড়া থেকে মুকুটমণিপুর যাওয়ার রাস্তার দু’পাশে আগাছা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। মঞ্চ, দর্শকাসন, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য পরিকাঠামো তৈরির কাজও দ্রুতগতিতে চলছে।

    বৈঠক শেষে মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলেন, হুল দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জঙ্গলমহলে আসবেন। তার হাত দিয়ে এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হবে। পাশাপাশি আদিবাসী সমাজের গুণীজন, শিল্পী, সাহিত্যিক, নাট্যকার সহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ব্যক্তিদেরও সম্মান জানানো হবে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।

    মাঠে বিভিন্ন সরকারি দফতরের তথ্য ও পরিষেবা দেওয়ার স্টল। ওই স্টলগুলির মাধ্যমে এলাকার আদিবাসী মানুষদের সরকারি প্রকল্প ও পরিষেবা সম্পর্কে সচেতন করা হবে। প্রশাসনের জানায়, রাজ্যস্তরের অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি জোরকদমে চলছে।
  • Link to this news (News18 বাংলা)