সোমে আনা হচ্ছে না ইউসিসি বিল! নেপথ্যে বড় পরিকল্পনা?
আজকাল | ২৯ জুন ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: আজ, সোমবার বিধানসভায় পেশ হওয়ার কথা 'অভিন্ন দেওয়ানি বিধি' সংক্রান্ত বিল। সোচ্চার বিরোধী শিবির। এক্ষেত্রে 'এক রা' বিধানসভার অন্দরে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর। সূত্রের খবর, হয়তো আজ পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল। তাড়াহুড়ো চাইছে না শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। এই সিদ্ধান্তের পিছনে কী তাহলে রাজ্য সরকারের বড় পরিকল্পনা রয়েছে?
জানা গিয়ছে, 'অভিন্ন দেওয়ানি বিধি' বিলের রূপরেখা পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে কীরকম হওয়া উচিত, তা নিয়ে একটি কমিটি গঠন করা হতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিবৃতি দিয়ে সেই কমিটি গঠনের কথা ঘোষণা করতে পারেন।
ভোটের প্রচারের সময়ই 'অভিন্ন দেওয়ানি বিধি' কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ভোটে জয় হাসিল হয়েছে। তার দেড় মাসের মধ্যেই উত্তরাণ্ড, গুজরাট, অসমে সরকারের মত বাংলাতেও 'অভিন্ন দেওয়ানি আইন' চালু করতে মরিয়া গেরুয়া শিবির। তবে কোনও তাড়াহুড়ো করতে নারাজ বিজেপি।
বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, লিভ-ইন সম্পর্ক সংক্রান্ত বিভিন্ন ব্যক্তিগত আইনের পরিবর্তে একটি অভিন্ন দেওয়ানি আইন চালু করতে উদ্যোগী বিজেপি সরকার। এতে আইনের শাসন আরও পোক্ত হবে বলে মনে করছে শাসক শিবির। এছাড়া, মহিলা-পুরুষের সমানাধিকারের ক্ষেত্রেও এই আইন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তাদের আশা।