স্নানযাত্রার দিনে ভক্তদের ভিড়ে জমজমাট মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দির
দৈনিক স্টেটসম্যান | ২৯ জুন ২০২৬
গরম উপেক্ষা করেই দীর্ঘ লাইন দিয়ে জগন্নাথদেবকে স্নান করানোর জন্য হাজার হাজার দেশি-বিদেশি ভক্তকে সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। স্নানযাত্রা উৎসবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহকে ডাবের জল, গঙ্গা জল, দুধ ও দই দিয়ে স্নান করানো হয় । হরিনাম সংকীর্তন, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় মহাঅভিষেক।
শাস্ত্রসম্মত নিয়ম মেনে পবিত্র গঙ্গাজল, চন্দন, দুধ, দই, মধু, ঘি, নারকেলের জল ও সুগন্ধি দ্রব্য দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা সম্পন্ন হয়। এই বিশেষ অভিষেককে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ছিল প্রবল উৎসাহ। নির্দিষ্ট নিয়ম মেনে বহু ভক্তও অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
স্নানযাত্রা জগন্নাথ সংস্কৃতির অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ উৎসব। পুরাণ মতে, রাজা ইন্দ্রদ্যুম্নের সময় থেকেই এই উৎসবের প্রচলন। বিশ্বাস করা হয়, স্নানের পর অতিরিক্ত জলস্নানের কারণে ভগবান অসুস্থ হয়ে পড়েন। তাই স্নানের পর তাঁকে ‘অনসর’ কক্ষে বিশ্রামে নিয়ে যাওয়া হয়। এদিনের পর থেকে আগামী ১৫ দিন সাধারণ ভক্তদের জন্য দর্শন বন্ধ থাকে। পরে ‘নবযৌবন দর্শন’-এর মাধ্যমে পুনরায় রথে আরোহণ করবেন জগন্নাথদেব।
স্নানপর্বের শেষে ভগবানকে ঐতিহ্যবাহী গজবেশে সজ্জিত করা হয়, যা দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ। এই বিশেষ রূপ দর্শনের জন্য মন্দির চত্বরে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন অসংখ্য ভক্ত। দিনভর মন্দিরে হরিনাম সংকীর্তন, গীতা পাঠ, বিশেষ ভোগ নিবেদন, মহাপ্রসাদ বিতরণ এবং বিভিন্ন বৈষ্ণব ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মায়াপুরের এই স্নানযাত্রা উপলক্ষে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ভক্তদের উপস্থিতিতে আন্তর্জাতিক ভক্তিসাধনার এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়।এদিনের স্নানযাত্রার মধ্য দিয়েই শুরু হল রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক প্রস্তুতি।
অনসর পর্ব শেষে নবযৌবন দর্শন এবং তার পরেই মহা ধুমধাম সহকারে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত রথযাত্রা। ফলে সোমবারের এই স্নানযাত্রা শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং আগামী রথোৎসবের সূচনাপর্ব হিসেবেও বিশেষ তাৎপর্য বহন করছে।
সামগ্রিক অনুষ্ঠান ঘিরে পুলিশ প্রশাসন ও ইসকনের নিরাপত্তার নজরদারি ছিল চোখে পড়ার মতো। ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে জগন্নাথদেবের স্নানযাত্রা উপলক্ষ্যে দেশি,বিদেশি লক্ষ লক্ষ ভক্তদের ভিড় হয়েছে রাজাপুর জগন্নাথ মন্দিরে।