• ব্যবসায়ীকে অপহরণ করে লুটপাটের ঘটনায় পুলিশের জালে ২
    দৈনিক স্টেটসম্যান | ২৯ জুন ২০২৬
  • ফুলবাগান থানা এলাকায় ব্যবসায়ীকে অপহরণ করে লুটপাটের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম মহম্মদ আলি মোল্লা ও আসরাফুল মোল্লা। দুজনকেই ফুলবাগান থানার পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতদের হেফাজতে নিয়ে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

    পুলিশ সূত্রের খবর, ব্যবসার পাওনা টাকা আদায় করার জন্য ধৃতরা এই পরিকল্পনা করেছিল। যদিও এই ঘটনায় মহম্মদ আলি ও আসরাফুল বাদেও মহিলা-সহ ১২ থেকে ১৪ জন জড়িত বলে লালবাজার সূত্রের খবর। যদিও শুধু ব্যবসার পাওনা টাকা আদায়ের জন্য নাকি অন্য কোনও কারণে ধৃতরা এই পরিকল্পনা করেছিল, পুলিশ তাও খতিয়ে দেখছে।

    অভিযোগ, শনিবার রাতে অস্ত্র দেখিয়ে বাদুরিয়ার এক ব্যবসায়ীকে অপহরণ করে লুটপাট চালায় কয়েকজন দুষ্কৃতী। ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা ও সোনার হার নিয়ে চম্পট দেন দুষ্কৃতীরা। ঘটনার পরেই ফুলবাগান থানা এলাকায় ওই ব্যবসায়ী লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরে পুলিশ অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করে।

    পুলিশ সূত্রের খবর, শনিবার ফুলবাগানের একটি শপিং মলে ওই ব্যবসায়ী ঘুরতে এসেছিলেন। এদিন ব্যবসায়ীর সঙ্গে তাঁর দুই বন্ধুও ছিলেন। অভিযোগ, মল থেকে বেরোনোর সময়ে কয়েকজন দুষ্কৃতী ব্যবসায়ীকে নিজেদের সিআইডি বলে পরিচয় দেয়। এরপরে তল্লাশির নাম করে দুষ্কৃতীরা ব্যবসায়ীকে একটি কালো গাড়িতে তোলেন।

    অভিযোগ, ব্যবসায়ীকে ওইভাবে গাড়িতে তুলতে দেখে তাঁর দুই বন্ধু দুষ্কৃতীদের বাধা দেন। সেই সময়ে দুষ্কৃতীরা ব্যবসায়ীর দুই বন্ধুকেও মারধর করে। গাড়িতে তোলার পরে দুষ্কৃতীরা ব্যবসায়ীকেও মারধর করে। তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে এক কোটি টাকার মুক্তিপণ দাবি করা হয়। ব্যবসায়ী সেই টাকা দিতে অস্বীকার করলে গাড়িতেই তাঁকে বেধড়ক মারধর করা হয়।

    পুলিশ অভিযোগ পাওয়ার পরেই গোটা ঘটনার তদন্ত শুরু করে। এরপরে দু’জন অভিযুক্তকে গ্রেপ্তার করে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)