• বন্ধ নিউ টাউন সেক্টর ফাইভ থেকে ধর্মতলা যোগাযোগের ২৩৯ নম্বর বাস রুট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা
    News18 বাংলা | ২৯ জুন ২০২৬
  • হঠাৎ সিদ্ধান্তে ২৩৯ নম্বর বাস রুটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল পরিষেবা৷ চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। সপ্তাহের প্রথম কাজের দিন রাস্তায় বেরিয়ে দুর্ভোগের মুখে নিউটাউন, সেক্টর ফাইভ ও ধর্মতলা বাবুঘাটগামী যাত্রীরা।

    যাত্রীদের অভিযোগ, সকাল থেকে সম্পূর্ণ বন্ধ ২৩৯ নম্বর বাস রুটের পরিষেবা। সাপুরজি থেকে বাবুঘাট পর্যন্ত চলাচলকারী এই গুরুত্বপূর্ণ রুটে মোট ৩৯টি বাস প্রতিদিন পরিষেবা দিলেও এদিন একটি বাসও রাস্তায় নামেনি। এই রুটের বাস সাপুরজি থেকে সেক্টর ফাইভ, নিকো পার্ক, এসএন ব্যানার্জি রোড হয়ে বাবুঘাট পর্যন্ত চলাচল করে। ফলে সেক্টর ফাইভের অফিসযাত্রী এবং ধর্মতলাগামী বহু মানুষের যাতায়াতের অন্যতম ভরসা এই বাস পরিষেবা।

    ঠিক কী কারণে পরিষেবা বন্ধ বেঙ্গল বাস ইউনিয়নের সহ-সভাপতি সুরজিৎ সাহা জানান, চালক ও কন্ডাক্টরদের বোনাস বাবদ প্রায় চার লক্ষ টাকা পূর্বতন তৃণমূলের শ্রমিক সংগঠনের কাছে জমা রাখা হলেও সেই অর্থ এখনও ফেরত দেওয়া হয়নি। ফলে কর্মীদের বোনাস বাবদ যে টাকা দেওয়া হয়, সে ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। পাশাপাশি বাস চালক ও কনটাকটারদের সন্ধ্যার পর বাস না চালানোর প্রবণতার কারণেও পরিষেবা ব্যাহত হচ্ছে। এই জটিলতার জেরেই আপাতত অনির্দিষ্টকালের জন্য ২৩৯ নম্বর রুটের বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    অন্যদিকে, রাজ্যে সরকার পরিবর্তনের পর এলাকার নবনির্বাচিত বিধায়ক পীযূষ কানোরিয়া অভিযোগ করেছিলেন, ‘রাতের দিকে যাত্রীরা পর্যাপ্ত বাস পরিষেবা পাচ্ছেন না। সেই সমস্যার সমাধানে বাস মালিকদের সঙ্গে আলোচনা করে পরিষেবা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও, চালক ও কন্ডাক্টরদের কারণে এই অচলাবস্থায় সেই পরিকল্পনা ধাক্কা খেয়েছে।’ বাস মালিকদের দাবি, সেক্টর ফাইভের মতো গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে গণপরিবহণের পরিষেবা সচল রাখা অত্যন্ত জরুরি। তাই দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা। তবে কবে থেকে ফের ২৩৯ নম্বর রুটে বাস চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি কোনও পক্ষই। এদিকে বাস পরিষেবা বন্ধ থাকায় প্রতিদিনের মতোই কর্মস্থল ও গন্তব্যে পৌঁছতে নাজেহাল হতে হচ্ছে হাজার হাজার নিত্যযাত্রীকে।
  • Link to this news (News18 বাংলা)