• জল ব্যবহারের সময় খিঁচুনি, প্রাণ গেল যুবকের! পরিচিত করোর এই রোগ থাকলে সাবধান
    News18 বাংলা | ২৯ জুন ২০২৬
  • সাত সকালে পুকুরের ধারে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। প্রকৃতির ডাকে পুকুরের কাছে শৌচকর্ম সারতে গিয়ে বিপত্তি। জল ব্যবহারের সময় পুকুরে নামতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার সাত সকালে ঘটন কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদহ শহরের তুঁতবাড়ি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রোহিত শেখ, পেশায় দিনমজুর শ্রমিক। বাড়ি সংশ্লিষ্ট এলাকায়। বাড়িতে রয়েছে বাবা, মা ও দাদা।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি পুকুরের কাছে শৌচ কর্ম সারতে যান রোহিত। এরপর জল ব্যবহারের জন্য পুকুরে নামার সময় জলে পড়ে যায় সে। দীর্ঘদিন ধরেই মৃগী রোগে আক্রান্ত ছিল বলে দাবি স্থানীয়দের। স্থানীয়দের প্রাথমিক অনুমান, সেই সময় আচমকা খিঁচুনি উঠলে জলে তলিয়ে যায় রোহিত এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে মালদহ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।

    মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় এক বাসিন্দা রবিদাস জানান, “রোহিত আম ভাঙার কাজ করতেন এবং দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এদিন সকালে পুকুরের কাছে শৌচকর্ম সারতে এসেছিল সে। এরপর কয়েকজন ব্যক্তি তাঁকে পুকুরের জলে পড়ে থাকতে দেখে খবর দেন এলাকায়। এসে দেখি পুকুরের ধারে মৃত অবস্থায় পড়ে রয়েছে সে। শৌচকর্ম সারার পর জল ব্যবহারের সময় অসুস্থ হয়ে পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই প্রকৃত কারণ জানা যাবে।”

    যদিও স্থানীয়দের একাংশ এটিকে দুর্ঘটনা বলেই মনে করছেন, তবুও পুলিশ সবদিক খতিয়ে দেখছে। এটি নিছক দুর্ঘটনা, নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় তরতাজা যুবকের মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
  • Link to this news (News18 বাংলা)