• বাড়ির পিছনে ঝুলন্ত দেহ! পটাশপুরে রহস্য ঘনীভূত, আটক একই পরিবারের ৩ সদস্য
    News18 বাংলা | ২৯ জুন ২০২৬
  • পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানা এলাকায় এক অজ্ঞাতপরিচয় মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে পটাশপুর থানার অন্তর্গত চিস্তিপুর ভেড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, চিস্তিপুর ভেড়ি এলাকার বাসিন্দা আলপনা মান্নার বাড়ির পিছন থেকে আচমকাই ওই অজ্ঞাতপরিচয় মহিলার ঝুলন্ত মৃতদেহ দেখা যায়। বিষয়টি নজরে আসতেই এলাকায় শোরগোল পড়ে যায়। খবর দেওয়া হয় স্থানীয় থানায়।

    ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পটাশপুর থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে ওই মহিলা কে বা কোথা থেকে এসেছিলেন, তা এখনও জানা যায়নি।ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালকিন আলপনা মান্না এবং তাঁর ছেলে ও মেয়ে জামাইকে আটক করেছে পটাশপুর থানার পুলিশ। এটি আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। মহিলার পরিচয় জানারও চেষ্টা চালানো হচ্ছে।

    প্রসঙ্গত, চলতি মাসেই অজ্ঞাত পরিচিত মহিলার মুণ্ডহীন, হাত, পা কাটা এবং দ্বিখণ্ডিত দেহাংশ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মেমারির কালেশ্বর এলাকায়। বর্ধমান-কালনা রোডের কালেশ্বর এলাকায় যাত্রী প্রতীক্ষালয়ের পিছনের ঝোপ থেকে পুলিশ মহিলার দেহাংশ উদ্ধার করে মেমারী গ্রামীণ হাসপাতালে পাঠায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানব দেহাংশ দেখতে পেয়ে স্থানীয়রাই প্রথমে খবর দেন মেমারি থানায়। পুলিশের প্রাথমিক অনুমান খুন করে মহিলার দেহ খন্ড খন্ড করে কাটার পর কেউ বা কারা রাস্তার ধারে ফেলে দিয়ে গেছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)