• রাতভর বজ্রপাত, সকালে মিলল হাতির নিথর দেহ! চাঞ্চল্য নাগরাকাটায়"
    News18 বাংলা | ২৯ জুন ২০২৬
  • নাগরাকাটা ব্লকের ম্যাচপাড়া এলাকায় চা বাগানের মাঝে একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে বজ্রাঘাতে হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতভর প্রবল বৃষ্টি ও বজ্রপাত হয়। আশঙ্কা করা হচ্ছে, ডায়না জঙ্গল থেকে হাতিটি লোকালয়ে চলে আসে। সেই সময় বজ্রাঘাতের ঘটনায় হাতিটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা হাতিটির মৃতদেহ দেখতে পেয়ে বনদফতরকে খবর দেন। খবর পেয়ে ডায়না রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। তবে হাতিটির মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    অন‍্যদিকে, জুনের শুরুতেই জলপাইগুড়ি জেলার মাটিয়ালি ব্লকের নাগেশ্বরী চা বাগানে দিন-দুপুরে বুনো হাতির হানায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতের নাম দীপক গোয়ালা (৪০)। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

    স্থানীয় সূত্রে জানা যায়, ৮ জুন সকালে একটি দলছুট বুনো হাতিকে প্রথমে জুরন্তি চা বাগান এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। পরে হাতিটি সেখান থেকে নাগেশ্বরী চা বাগানের ১৯ বি সেকশনে চলে আসে। সেই সময় ওই এলাকায় উপস্থিত ছিলেন দীপক গোয়ালা। অভিযোগ, আচমকাই হাতিটি তাঁর উপর আক্রমণ চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাতিটি দীপককে শুঁড়ে জড়িয়ে তুলে মাটিতে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
  • Link to this news (News18 বাংলা)