• প্রাকৃতিক বিপর্যয়ের কোপে প্রাণ গেল হাতির, চা-বাগানে উদ্ধার নিথর দেহ
    News18 বাংলা | ২৯ জুন ২০২৬
  • প্রাকৃতিক বিপর্যয়ের কোপ! আর তাতেই নিমেষে শেষ প্রাণ! নাগরাকাটার চা-বাগানে উদ্ধার পূর্ণবয়স্ক হাতির দেহ। গত দু’দিন গ্রামে টহলদারি করে এই হাতিটি রাত হলে চা বাগানে আশ্রয় নেয়। কিন্তু হঠাৎ গতকাল রাতে ডুয়ার্স জুড়েই ভারী বৃষ্টি এবং বজ্রপাতের ফলে হাতিটির মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে চা বাগান কর্তৃপক্ষ এবং বন দফতর। উত্তরবঙ্গে টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও বজ্রপাতের জেরে উদ্বেগ বাড়ছে। প্রকৃতির এই রুদ্ররূপের মাঝেই এবার সামনে এল এই চাঞ্চল্যকর ঘটনা।

    জলপাইগুড়ি জেলার নাগরাকাটা এলাকার ছাড়টন্ডু মেচপাড়া বস্তি সংলগ্ন একটি চা-বাগান থেকে উদ্ধার হয় ওই পূর্ণবয়স্ক বন্য হাতির মৃতদেহ, যা ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা থেকে ওই এলাকায় প্রবল বৃষ্টি ও বজ্র-বিদ্যুৎ সহ ঝড়ো আবহাওয়া চলছিল। সেই সময় চা-বাগানের ভিতরে হাতিটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। পরদিন সকালে শ্রমিকরা কাজে এসে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরে।

    প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বজ্রাঘাতের ফলেই হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে বনকর্মীরা প্রয়োজনীয় তদন্ত শুরু করেছেন। সেই বাগানের কর্মী ভরত ছেত্রী বলেন, গতকাল সন্ধ্যা বেলাও এই হাতিটি পার্শ্ববর্তী নদীর পাড় এবং বিভিন্ন জায়গায় দেখা গিয়েছিল। কীভাবে মৃত্যু হল তা এখন‌ও স্পষ্ট নয়।

    এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। বর্ষার সময় প্রায়ই চা-বাগান এলাকায় হাতির আনাগোনা বাড়ে। তার ওপর বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সংশ্লিষ্ট মহলের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবেও এমন অস্বাভাবিক ঘটনা বাড়তে পারে। এখন সকলের নজর বন দফতরের রিপোর্টের দিকে। বজ্রাঘাতই নাকি অন্য কোনও কারণ হাতির মৃত্যুর আসল রহস্য উদঘাটনের অপেক্ষায় গোটা নাগরাকাটা। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য আবেদন জানিয়েছেন স্থানীয় মানুষজন।
  • Link to this news (News18 বাংলা)