কাঁথিতে বাস দুর্ঘটনা! বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে বিপত্তি... নয়নজুলিতে উল্টে গেলো যাত্রী বোঝাই বাস
News18 বাংলা | ২৯ জুন ২০২৬
দিঘা থেকে কলকাতা যাওয়ার পথে কাঁথির ছত্রধরা বাসস্ট্যান্ডের কাছে রাস্তার পাশের নয়নজুলিতে উল্টে পড়ল যাত্রীবোঝাই বেসরকারি এসি বাস। জানা গিয়েছে, এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে বাঁশটি দুর্ঘটনার কবলে পড়ে। আহত হন ১০ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
দু-দিন আগে উত্তর ২৪ পরগনার চাঁদপাড়া সোনাটিকিয়া এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দ্রুতগতিতে একটি মোটরবাইক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহী রাস্তায় পড়ে যান। সামনেই দিক থেকে আসা এটিএম ক্যাশবাহী গাড়ির চাকা তাঁর মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর।স্থানীয়দের দাবি, মৃত যুবকের মাথায় হেলমেট ছিল না। ফলে মাথায় মারাত্মক আঘাত লাগে এবং তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের নাম-পরিচয় জানা যায়নি।
সম্প্রতি নিউটাউনেও পথ দুর্ঘটনায় আহত হন দুই ব্যক্তি। একটি বেসরকারি স্কুল বাসের (ট্রাভেলার) ধাক্কায় গুরুতর জখম হন বাইক আরোহী দু’জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওয়েস্টিন সিগন্যালের দিক থেকে বিশ্ববাংলা গেটের দিকে যাচ্ছিল একটি স্কুল বাস। তার সামনে একটি বাইকে করে যাচ্ছিলেন দুই ব্যক্তি। অভিযোগ, যাত্রাগাছি সিগন্যালের কাছে আচমকাই বাইকের পিছনে ধাক্কা মারে ট্রাভেলারটি। ধাক্কার জেরে ছিটকে পড়েন বাইক আরোহী দু’জন।
সোমবার নয়ডার একটি আবাসনের ২১ তলায় আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। নয়ডার সেক্টর ১১৯-এ অবস্থিত অরণ্য সোসাইটির একটি টাওয়ারের ২১ তলায় এই আগুন লাগে। খবর পেয়ে প্রায় ছয়টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়। বর্তমানে দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত কেউ আটকে পড়েছেন বলে খবর নেই।