আগামী ২ জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ‘ইউসিসি বিল ২০২৬’-এর খসড়া পেশ হবে। সোমবার বিধানসভার অধিবেশনে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিল তৈরির জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হচ্ছে। সেই কমিটির সুপারিশ মেনেই এই বিল আনা হবে। জানানো হয়েছে, আদিবাসী সমাজকে এই আইনের বাইরে রাখা হবে।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি উত্তরাখণ্ড, গুজরাটকে অনুসরণ করে একটি কমিটি গঠন করার প্রস্তাব করেছি। সেই কমিটির প্রধান হবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রসাদ দেশাই। কমিটির সদস্য থাকবেন একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার, আইন বিশেষজ্ঞ, একজন শিক্ষাবিদ, একজন সমাজসেবী ও একজন অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল।’
এই কমিটিকে একমাস সময় দেওয়া হয়েছে। অগস্ট মাসে এই কমিটি রিপোর্ট জমা দেবে। সেই কমিটির সুপারিশ মেনেই বিল আনা হবে। শুভেন্দুর কথায়, ‘আমরা ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি। এই রাজ্যে একটাই আইন চলবে, ধর্মের ভিত্তিতে দু’টি আইন চলবে না। এ ক্ষেত্রে আদিবাসী, কুড়মি-সহ যাঁরা প্রাচীন জনজাতি সম্প্রদায়ের, তাঁরা এই আইনের বাইরে থাকবেন।’