• ২৩৯ নম্বর রুটের বাস পরিষেবা বন্ধ, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের, কী বলছে ইউনিয়ন?
    এই সময় | ৩০ জুন ২০২৬
  • সপ্তাহের প্রথম কাজের দিন রাস্তায় বেরিয়ে দুর্ভোগের মুখে নিউ টাউন, সেক্টর ফাইভ ও ধর্মতলা বাবুঘাটগামী যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, সকাল থেকে সম্পূর্ণ বন্ধ ২৩৯ নম্বর রুটের বাস পরিষেবা। সাপুরজি থেকে বাবুঘাট পর্যন্ত চলাচলকারী এই গুরুত্বপূর্ণ রুটে মোট ৩৯টি বাস প্রতিদিন পরিষেবা দিলেও এ দিন একটি বাসও রাস্তায় নামেনি বলে অভিযোগ।

    এই রুটের বাস সাপুরজি থেকে সেক্টর ফাইভ, নিকো পার্ক, এসএন ব্যানার্জি রোড হয়ে বাবুঘাট পর্যন্ত চলাচল করে। ফলে সেক্টর ফাইভের অফিসযাত্রী এবং ধর্মতলাগামী বহু মানুষের যাতায়াতের অন্যতম ভরসা এই বাস পরিষেবা। হঠাৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প পরিবহণের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় যাত্রীদের।চরম হয়রানি শিকার হন যাত্রীরা।

    ঠিক কী কারণে পরিষেবা বন্ধ? বেঙ্গল বাস ইউনিয়নের সহ-সভাপতি সুরজিৎ সাহা জানান, চালক ও কন্ডাক্টরদের বোনাস বাবদ প্রায় চার লক্ষ টাকা পূর্বতন তৃণমূলের শ্রমিক সংগঠনের কাছে জমা রাখা হলেও সেই অর্থ এখনও ফেরত দেওয়া হয়নি। ফলে কর্মীদের বোনাস বাবদ যে টাকা দেওয়া হয়, সে ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। পাশাপাশি বাসচালক ও কন্ডাক্টরদের সন্ধ্যার পরে বাস না চালানোর প্রবণতার কারণেও পরিষেবা ব্যাহত হচ্ছে। এই জটিলতার জেরেই আপাতত অনির্দিষ্টকালের জন্য ২৩৯ নম্বর রুটের বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বাস মালিকদের দাবি, সেক্টর ফাইভের মতো গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে গণপরিবহনের পরিষেবা সচল রাখা অত্যন্ত জরুরি। তাই দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা। তবে কবে থেকে ফের ২৩৯ নম্বর রুটে বাস চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি কোনও পক্ষই। এ দিকে বাস পরিষেবা বন্ধ থাকায় প্রতিদিনের মতোই কর্মস্থল ও গন্তব্যে পৌঁছতে নাজেহাল হতে হচ্ছে হাজার হাজার নিত্যযাত্রীকে।

  • Link to this news (এই সময়)