গুন্ডাদমন বিল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সোমবার বিধানসভায় বাম জমানার প্রসঙ্গ টেনে নিয়ে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনীতিতে দুর্বৃত্তায়নের প্রসঙ্গ তুলে সিপিএমকে তোপ দেগেছেন তিনি। কড়া সমালোচনা করেছেন প্রাক্তন সিপিএম নেতা সুশান্ত ঘোষ, লক্ষ্ণণ শেঠের। তবে তার সঙ্গেই ডোমকলের সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান রানার প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। তা নিয়ে এই সময় অনলাইনের কাছে মুখ খুললেন ডোমকলের সিপিএম বিধায়ক। কী জানালেন তিনি?
সোমবার বিধানসভায় ‘ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’ পেশ করা হয়েছিল, তার সঙ্গেই ছিল গুন্ডাদমন বিলও। সেই প্রসঙ্গে বলতে গিয়ে রাজনীতিতে অপরাধীদের দাপট নিয়ে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। নিজের রাজনৈতিক কেরিয়ারের কথা বলতে গিয়ে, বাংলার রাজনীতিতে কবে থেকে অপরাধীদের দাপট শুরু হয়েছে সেটা স্পষ্ট করেন তিনি। এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তুলে এনেছেন ১৯৯৯ সালের ভোটের প্রসঙ্গ। তিনি বলেন, ‘রাজনীতিতে এমন দুর্বৃত্তায়ন আগে কখনও কেউ দেখেছেন? রাজনীতিতে অপরাধীদের আমদানি হলো সিপিএমের হাতে। ১৯৯৯ সালের আগে এগুলো ছিল না।’
তিনি আরও বলেন, ‘২০০০ সালে পাশকুঁড়া লোকসভায় গুরুদাস দাশগুপ্ত হেরে গেলেন। তার পরে গেলগেল রব উঠল। ২০০১ সালে সরকার পাল্টে যাবে। সেটা আটকানোর জন্য তৈরি হলো সংগঠিত হার্মাদ বাহিনী। গোঘাটের অভয়বাবু, আরামবাগে মোজাম্মেল বাবু....।’ তাঁর বক্তব্যে উঠে আসে লক্ষ্মণ শেঠ, সুশান্ত ঘোষ, অমিয় পাত্রের নাম। তার পরেই তাঁকে বলতে শোনা যায়, ‘যদিও ডোমকল থেকে একজন ভদ্রলোক জিতে এসেছেন।’
ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান রানা এখন বাংলার একমাত্র সিপিএম বিধায়ক। মুখ্যমন্ত্রীর প্রশংসা নিয়ে এই সময় অনলাইনকে তিনি বলেন, ‘উনি আমার সম্পর্কে যা বলেছেন, সেটা ওঁর ব্যক্তিগত মূল্যায়ন। বামপন্থীরা ভদ্রলোকই হন।’ তাঁর মতে, যাঁরা এর আগে ওই বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন, তাঁরাও ভ্দ্রলোক ছিলেন। ডোমকলের সিপিএম বিধায়ক বলছেন, ‘এখন বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে চর্চা হচ্ছে, ওঁকে একসময় কতরকম আক্রমণ করা হয়েছে, আজ সবাই স্বীকার করছেন উনি ভদ্রলোক ছিলেন... বামপন্থীরা সাধারণত ভদ্রলোকই হন।’
শুভেন্দু অধিকারী বলেন, 'ডোমকল থেকে একজন ভদ্রলোক জিতে এসেছেন', মন্তব্যটি তিনি রাজনৈতিক আলোচনার প্রসঙ্গে করেন।
শুভেন্দুর মন্তব্যের জবাবে কী বললেন মোস্তাফিজুর রহমান রানা?
এই সময় অনলাইনকে দেওয়া এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় ডোমকলের সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান রানা শুভেন্দু অধিকারীর মন্তব্যের জবাব দিয়েছেন। প্রতিবেদনে তাঁর বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে।
মোস্তাফিজুর রহমান রানা কে?
তিনি ডোমকল কেন্দ্রের সিপিএম বিধায়ক এবং পশ্চিমবঙ্গের অন্যতম পরিচিত বামপন্থী নেতা।
কেন এই মন্তব্য নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে?
বাম আমলের রাজনৈতিক দুর্বৃত্তায়ন নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্যের মাঝেই ডোমকলের সিপিএম বিধায়ককে আলাদা করে প্রশংসা করায় রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে।