• ​৬ জুলাই রাজ্যে অমিত শাহ!
    আজকাল | ৩০ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    বিজেপি সূত্রে খবর, ওই দিন নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। কেন্দ্রে ও রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর এই দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। ফলে রাজ্য জুড়েই ওই দিন নানা অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে।

    এই সফর ও কর্মসূচিকে সফল করতে ইতিমধ্যেই সল্টলেকের বিজেপি কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক সেরে ফেলল পদ্ম-শিবির। বৈঠকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, শশী অগ্নিহোত্রী, সৌমিত্র খাঁ এবং লকেট চ্যাটার্জির মতো শীর্ষ সারির নেতারা।

    সূত্রের খবর, এ দিনের বৈঠকে মূলত ৬ জুলাইয়ের কর্মসূচি নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের মূল অনুষ্ঠানের পাশাপাশি জেলায় জেলায় কীভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মতিথি উদযাপন করা হবে এবং সাংগঠনিক প্রস্তুতি কেমন থাকবে, তা নিয়ে রূপরেখা তৈরি করেছেন দলীয় নেতৃত্ব।
  • Link to this news (আজকাল)