• বাইকের কাজ করিয়ে ফিরছিলেন দুই বন্ধু, পথেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু এক যুবকের
    News18 বাংলা | ৩০ জুন ২০২৬
  • কালনায় বাইকের কাজ করাতে এসেছিলেন দুই বন্ধু। সব কাজ সেরে বাড়ি ফেরার পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক যুবক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ঘটনায় আহত হয়েছেন বাইকের চালকও। সোমবার দুপুরে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের কালনা থানার উপলতি এলাকার পানপাড়া মোড়ে। মৃত যুবকের নাম দেবাশীষ ক্ষেত্রপাল। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের মেমারি থানার বহরমপুর-বাগিলা এলাকায়।

    জানা গিয়েছে, বন্ধু সুরজিৎ ক্ষেত্রপালের সঙ্গে একটি মোটরবাইকে করে কালনায় একটি সার্ভিস সেন্টারে বাইকের কাজ করাতে এসেছিলেন তাঁরা। কাজ সেরে বাড়ি ফেরার সময় উপলতির পানপাড়া মোড়ের বাঁকের কাছে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় গুরুতর জখম হন দু’জনেই। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী শেখ রাকেশ জানান, বাসটি বাঁক ঘুরে আসার সময় বাইকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। বাইকটি বাসের নিচে ঢুকে যায়। স্থানীয় মানুষ দ্রুত ছুটে এসে আহত দুই যুবককে উদ্ধার করে টোটোয় চাপিয়ে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা দেবাশীষ ক্ষেত্রপালকে মৃত বলে ঘোষণা করেন।

    অন্যদিকে, বাইক চালক সুরজিৎ ক্ষেত্রপাল আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন সুরজিৎ জানান, সাত মাস আগে তিনি মোটরবাইকটি কিনেছিলেন। কালনায় বাইকের কিছু কাজ করিয়ে বাড়ি ফিরছিলেন। পানপাড়া মোড়ের বাঁকের কাছে পৌঁছতেই বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। মুহূর্তের মধ্যেই সবকিছু ওলটপালট হয়ে যায়। একসঙ্গে বেরোনো দুই বন্ধুর মধ্যে একজনের জীবন সেখানেই থেমে যায়, আর অন্যজন হাসপাতালে শয্যাশায়ী। এই দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে মৃত যুবকের পরিবার ও এলাকায়। একসঙ্গে বাড়ি ফেরার স্বপ্ন নিয়ে রওনা হওয়া দুই বন্ধুর যাত্রা শেষ হল এক মর্মান্তিক পরিণতিতে। ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (News18 বাংলা)