: ভোটের আগে দিয়েছিলেন চ্যালেঞ্জ, ফল প্রকাশের পর ন্যাড়া মাথায় ভাইরাল হিঙ্গলগঞ্জের যুবক। ভোটের আগে করা এক রাজনৈতিক চ্যালেঞ্জ ঘিরে এখন চর্চায় হিঙ্গলগঞ্জের এক যুবক। কোনও প্রার্থী নন, এলাকারই এক যুবক নির্বাচনী ফল প্রকাশের পর প্রকাশ্যে মাথা মুণ্ডন করায় তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি অঞ্চলের এক যুবক নির্বাচনের আগে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন, “রেখা পাত্র জিতলে আমি ন্যাড়া হয়ে, আলকাতরা মেখে দু’মাস ঘুরব।” সেই সময় তাঁর এই মন্তব্য এলাকায় বেশ আলোচনার বিষয় হয়ে উঠেছিল। নির্বাচনের ফলাফলে রেখা পাত্র জয়ী হওয়ার পর যুবককে প্রকাশ্যে মাথা মুণ্ডন করতে দেখা যায়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, স্থানীয় এক রাস্তার ধারে বসে মাথা মুণ্ডন করাচ্ছেন তিনি। এরপর সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ভিডিওটি সামনে আসতেই বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, প্রকাশ্যে দেওয়া ঘোষণার পর সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ায় বিষয়টি নজর কেড়েছে সকলের। আবার অন্য একটি অংশের মতে, রাজনৈতিক আবেগে এ ধরনের চ্যালেঞ্জ দেওয়া ঠিক নয় বলেও মত প্রকাশ করেছেন অনেকে।
ঘটনাটি ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই বিষয়টিকে রাজনৈতিক চ্যালেঞ্জের অংশ হিসেবে দেখছেন, আবার অনেকে সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্যও করেছেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ-সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভিডিওটি ব্যাপক হারে শেয়ার হচ্ছে। তবে চ্যালেঞ্জে আলকাতরা মাখার কথা বলা হলেও, ভাইরাল ভিডিওতে তেমন কোনও দৃশ্য দেখা যায়নি।