'আসানসোলের একটি বাড়িতে আটকে রাখা হয়েছে আপনার মেয়েকে', খবর পেতেই পৌঁছলেন অসহায় বাবা, পেলেন মেয়েকে?
News18 বাংলা | ৩০ জুন ২০২৬
তিন মাস ধরে নিখোঁজ হওয়া বীরভূমের তরুণীকে আটকে রাখা হয়েছে আসানসোলের একটি বাড়িতে। এই খবর বাবা অর্ধেন্দু সিংহের কাছে পৌঁছতেই এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি সোজা পৌঁছে যান সিউড়ি থানায়। অর্ধেন্দু সিংহ যোগাযোগ করেন বীরভূম জেলার পুলিশ সুপারের সঙ্গেও, পুলিশ প্রশাসনের কর্তারা এক মুহূর্ত দেরি না করে তাদের গাড়িতে করে বৃদ্ধকে আসানসোলের কুলটি থানা এলাকা নিয়ে যান। অনেক খোঁজার পরে এবারেও মেয়ের হদিশ পেলেন না অসহায় বাবা। নিরাশ হয়ে বাড়ি ফিরতে হল তাঁকে।
প্রসঙ্গত, ১৩ মার্চ থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যান বছর ২৪ এর তরুণী অমৃতা সিংহ। বাড়িতে কাউকে কিছু না বলে নিজের পায়ে দাঁড়িয়ে উপার্জন করার তাগিদে তরুণী বাড়ি থেকে বের হয় বলে জানান তরুণীর বাবা অর্ধেন্দু সিংহ। এরপর কেটেছে প্রায় তিন মাসেরও বেশি সময়। এখনও পর্যন্ত মেয়ের খোঁজে বুকে প্লেকার্ড লাগিয়ে এ দরজা থেকে ও দরজা ঘুরছেন তিনি। পুলিশ প্রশাসন সূত্রে খবর, শেষবার অমৃতাকে দেখা গিয়েছিল মল্লারপুর বাসস্ট্যান্ডে। তারপর সে কোথায় হারিয়ে গেছে কেউ জানে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্ধেন্দু সিংহের কাছে শয়ে শয়ে ফোন আসছে, তবে কেউ খবর দিতে পারছে না তাঁর মেয়ে কোথায়।
বছর ২৪-এর এই তরুণীর নিখোঁজ হওয়ার খবর সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই পুলিশ প্রশাসনের তরফ থেকে জোর কদমে শুরু হয়েছে তল্লাশি। জেলা পুলিশ একটি বিশেষ টিম তৈরি করে তাঁর খোঁজ চালাচ্ছে। পাশাপাশি কলকাতা পুলিশ এবং সিআইডি-রও সাহায্য নেওয়া হচ্ছে। কিন্তু অমৃতার হদিশ মেলেনি। এমন পরিস্থিতিতেই সম্প্রতি অর্ধেন্দু সিংহের কাছে একটি ফোন আসে। জানানো হয় তাঁর মেয়েকে আসানসোলের একটি বাড়িতে বন্দি করে রাখা হয়েছে। সিউড়ি থানার পুলিশের কাছে সেই খবর যেতেই পুলিশকর্তারাও দেরি না করে তড়িঘড়ি সিউড়ি থানার এক অফিসার এবং দু’জন লেডি কনস্টেবল অর্ধেন্দু সিংহকে সঙ্গে নিয়ে কুলটি থানা এলাকার ওই বাড়িতে হানা দেন।
ওই বাড়ির সদস্যদের পুরো বিষয়টা জানানোর পরে বাড়ির সদস্যরাও তদন্তে সহযোগিতা করে। তল্লাশি চালানো হয় আশেপাশের কিছু বাড়িতেও। তবে আবার নিরাশ হয়ে বাড়ি ফিরতে হয় অসহায় বাবাকে। প্রসঙ্গত, এর কয়েকদিন আগে বিধাননগর স্টেশনের কাছে এক ভবঘুরে তরুণীকে দেখতে পাওয়া গিয়েছিল। অনেকেই ভেবেছিলেন সেই তরুণী হয়তো অমৃতা। মেয়ের খোঁজে বাবা ছুটে গিয়েছিলেন বিধাননগর। তবে সেখানে গিয়ে তিনি দেখেন সেই ভবঘুরে তরুণী তাঁর মেয়ে না। সেখান থেকেও নিরাশ হয়ে ফিরেছিলেন বাড়ি। অর্ধেন্দু সিংহ জানান, “মেয়েকে যতক্ষণ খুঁজে না পাব এই শরীরে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ মেয়ের খোঁজ চালিয়ে যাব। আমার বিশ্বাস আমার মেয়ে আবার আমার কাছে ফিরে আসবে।”