• ধামাখালি টু তামিলনাড়ু! সুন্দরবনের পরিযায়ী শ্রমিকদের জন্য চালু নয়া বাস পরিষেবা, রইল সময়সূচি
    News18 বাংলা | ৩০ জুন ২০২৬
  • : ধামাখালি থেকে তামিলনাড়ু বাস পরিষেবা, উপকৃত হবেন সুন্দরবনের পরিযায়ী শ্রমিকরা। উত্তর ২৪ পরগনার ধামাখালি থেকে তামিলনাড়ুর কোয়েম্বাটুর পর্যন্ত নতুন বাস পরিষেবা চালু হওয়ায় খুশি সুন্দরবন এলাকার বহু বাসিন্দা। বিশেষ করে সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ-সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার পরিযায়ী শ্রমিকদের কাছে এই পরিষেবা বড় সুবিধা এনে দেবে বলে মনে করছেন অনেকে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বৃহস্পতিবার ধামাখালি থেকে তামিলনাড়ুর উদ্দেশে বাস ছাড়বে এবং প্রতি সোমবার কোয়েম্বাটুর থেকে ধামাখালির উদ্দেশে ফিরবে। দীর্ঘদিন ধরেই এই অঞ্চলের বহু মানুষ জীবিকার সন্ধানে তামিলনাড়ু-সহ দেশের বিভিন্ন রাজ্যে পাড়ি দেন। নির্মাণ শিল্প, বস্ত্রশিল্প-সহ বিভিন্ন ক্ষেত্রে কাজের সূত্রে হাজার হাজার শ্রমিককে নিয়মিত যাতায়াত করতে হয়। কিন্তু ট্রেনের টিকিট না পাওয়া, একাধিকবার যানবাহন বদল করা কিংবা দীর্ঘ সময়ের অপেক্ষার কারণে শ্রমিকদের নানাবিধ সমস্যার মুখোমুখি হতে হয়। নতুন এই বাস পরিষেবা চালু হওয়ায় সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন যাত্রীরা। বিশেষ করে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

    উদ্যোক্তাদের দাবি, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে কয়েকজন মিলে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু করা হয়েছে। যাত্রীদের সাড়া ও চাহিদার উপর ভিত্তি করে আগামী দিনে আরও বাস চালুর পরিকল্পনাও রয়েছে। পরিষেবাটি নিয়মিত ও সফল হলে সুন্দরবন এলাকার আরও বহু মানুষ এর সুবিধা পাবেন বলে মনে করছেন উদ্যোক্তারা।

    স্থানীয় বাসিন্দা গোবিন্দ সরদার, দিগন্ত মিস্ত্রি, গণেশ গায়েন-সহ একাধিক ব্যক্তি জানান, এই পরিষেবা চালু হওয়ায় এলাকার বহু মানুষ উপকৃত হবেন এবং দূরপাল্লার যাতায়াতে নতুন বিকল্প তৈরি হবে।
  • Link to this news (News18 বাংলা)