NH10 Landslide Updates Today: টানা বর্ষণের জেরে সিকিম ও দার্জিলিংগামী একাধিক পার্বত্য রাস্তায় ভয়াবহ ধস নেমেছে। বিশেষ করে সেভক শিব মন্দির সংলগ্ন ১০ নম্বর জাতীয় সড়ক বা এনএইচ ১০ এর বিস্তীর্ণ অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। করোনেশন ব্রিজ থেকে রংপো পর্যন্ত জাতীয় সড়কের একাধিক এলাকা বর্তমানে চরম অস্থিতিশীল। পরিস্থিতি বিবেচনা করে প্রশাসন এই প্রধান সড়ক এড়িয়ে বিকল্প পথে যান চলাচলের কড়া নির্দেশ জারি করেছে।
যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ চললেও ওপর থেকে অনবরত ছোট পাথর ও কাদা নেমে আসায় যে কোনও মুহূর্তে রাস্তা আবার বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় পাহাড়ে যাতায়াতের জন্য প্রশাসন বেশ কয়েকটি বিকল্প রুট সচল রেখেছে। সেগুলি ধরে পাহাড়ে যাতায়াত করা যাচ্ছে। কিছুটা ঘোরা হলেও সেগুলি অপেক্ষাকৃত নিরাপদ।
শিলিগুড়ি থেকে সিকিম
শিলিগুড়ি থেকে সিকিমগামী অধিকাংশ ছোট গাড়িকে এখন সেভক মুংসং ও গরুবাথান হয়ে যাতায়াত করতে বলা হচ্ছে এবং এটিই এখন প্রধান বিকল্প রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে। যানজটের পরিস্থিতি অনুযায়ী পুলিশ অনেক সময় গাড়িগুলিকে করোনেশন ব্রিজ মংপং ও গজলডোবা করিডর দিয়েও ঘুরিয়ে দিচ্ছে।
কালিম্পং ও সিকিম থেকে শিলিগুড়ি
অন্যদিকে কালিম্পং ও সিকিম থেকে শিলিগুড়ির দিকে আসার জন্য ভারী গাড়িগুলিকে রেশি, পেডং, আলগাড়া, লাভা এবং গরুবাথান রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। কালিম্পং থেকে শিলিগুড়ি আসার ছোট গাড়িগুলি রেলি সামথার ও পানবু হয়ে অনায়াসে চলাচল করছে।
দার্জিলিং থেকে সিকিম
আবার দার্জিলিং থেকে যারা সিকিম যেতে চান তাদের জন্য টুকভার সিংলা জোরেথাং ও মেল্লি রুট ব্যবহার করা হচ্ছে এবং এই রাস্তায় যান চলাচল এখনো স্বাভাবিক রয়েছে। তিস্তা সংলগ্ন মূল রাস্তাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার জন্য বর্তমানে মংপু হয়ে ঘুরে যাওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন।
আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে যে কোনও সময় এই বিকল্প রুটগুলিতেও বদল আনা হতে পারে। তাই পাহাড়ি রাস্তায় রওনা দেওয়ার আগে সংশ্লিষ্ট জেলা পুলিশ বা প্রশাসনের সর্বশেষ ট্রাফিক বুলেটিন দেখে নেওয়া অত্যন্ত জরুরি।