কলকাতাতে ভারী বৃষ্টি, রাজ্যে জারি লাল ও কমলা সতর্কতা, দুর্যোগ চলবে কতদিন?
আজ তক | ৩০ জুন ২০২৬
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ, দমকা ঝোড়ো হাওয়ার আশঙ্কায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহ জুড়েই বাংলা জুড়ে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। এমনকি কলকাতাতেও ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশেই দুর্যোগ চলবে। আগামী সাতদিন কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
হাওয়া অফিস জানাচ্ছে
হাওয়া অফিস জানিয়েছে, পঞ্জাব থেকে হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে ঋতুকালীন অক্ষরেখা। সেইসঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প স্থলভাগে ঢুকছে। তার ফলে উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রায় খুব বড় কোনও পরিবর্তন হবে না। যদিও, ২৮ জুন পর্যন্ত রাজ্যে গড় বৃষ্টির ঘাটতি কমে ৪ শতাংশে নেমেছে। আগামী কয়েক দিনের বৃষ্টিতে পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।
দক্ষিণবঙ্গ নিয়ে পূর্বাভাস
সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এ ছাড়া, চলতি সপ্তাহে ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ জুন দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে। হাওয়া অফিস বলছে, সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতি দিনই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে লাল সতর্কতা
আলিপুর আবহাওয়া দফতর বলছে, উত্তরবঙ্গে এখনও কয়েকদিন বৃষ্টি চলবে। আজও উত্তরের পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে লাল সতর্কতা রয়েছেছে। পাহাড় ও ডুয়ার্সে অতি বা তীব্র ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একদিনে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সতর্কবার্তাও দেওয়া হয়েছে। ২৯ জুন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি। আগামিকাল অর্থাৎ ৩০ জুনও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পূর্বাভাস, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হতে পারে ভারী বৃষ্টি। বুধবারের পর থেকে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। বৃহস্পতিবার থেকে আর কোনও জেলাতেই কোনও সতর্কতা নেই।
কলকাতার আবহাওয়া
আজ মঙ্গলবার কলকাতার একাধিক জায়গাতেই দুপুরে ঘনিয়ে আসে অন্ধকার। কিছু কিছু জায়গায় দফায় দফায় বৃষ্টিও হচ্ছে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তন হবে। এ বার কলকাতাতেও ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আগামী শনিবার এবং রবিবার কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভাবে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই দু’দিন। আজ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি বেশি।