• দুপুর গড়াতেই দক্ষিণবঙ্গে আকাশ কালো করে শুরু বৃষ্টি, উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা
    দৈনিক স্টেটসম্যান | ৩০ জুন ২০২৬
  • উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। সেখানে একাধিক এলাকা প্লাবিত হয়েছে। এমন পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার দেখা মিলেছে। সোমবার সকালেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে দুপুরের দিকে আবহাওয়ার পুরো চিত্রের বদল ঘটে। দুপুরেই আকাশ কালো করে সন্ধ্যার অন্ধকার নেমে আসে। দক্ষিণবঙ্গেও কি উত্তরবঙ্গের মতো ভারী বৃষ্টি হবে কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর

    হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতায় তেমন ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই সোমবার দুপুরের পরে কলকাতার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। এদিন কলকাতায় সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

    সোমবার দক্ষিণবঙ্গে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সেই সঙ্গে এই জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

    অন্যদিকে, লাগাতার বৃষ্টিতে একেবারে বিপর্যস্ত অবস্থা উত্তরবঙ্গের। সেখানে দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার এক থেকে দুজায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার ও কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে উত্তরবঙ্গের দু-এক জেলায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

    এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী পাঁচ থেকে ছদিনের মধ্যে উত্তর ভারতের আরও কয়েকটি রাজ্যে বর্ষা প্রবেশ করতে পারে। ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু-তিনদিনের মধ্যে উত্তর আরব সাগরের কিছু অংশ, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় মৌসুমী বায়ু প্রবেশ করবে। এরপরে দুই থেকে তিনদিনের মধ্যে হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং দক্ষিণ-পূর্ব রাজস্থানের বেশ কিছু অংশে বর্ষা অগ্রসর হতে পারে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)