• আগস্টেই অভিন্ন দেওয়ানি বিধি বিল, ‘সংকল্প’ পূরণে বিধানসভায় কমিটি তৈরির ঘোষণা শুভেন্দুর
    প্রতিদিন | ৩০ জুন ২০২৬
  • জল্পনা-কল্পনা শেষ। আগস্টেই রাজ্য বিধানসভায় পেশ হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল। সোমবার তিনটি বিল পেশ করে একথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এও জানালেন, ইউসিসি বিল আনতে বিশেষ কমিটি তৈরি করা হচ্ছে। তার নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রসাদ দেশাই। কমিটিতে বিভিন্ন পেশার ৫ জন সদস্য থাকবেন। আগামী ২ জুলাই মন্ত্রিসভায় খসড়া বিলটি আসবে অনুমোদনের জন্য। এরপর চার সপ্তাহ প্রস্তুতির কাজ চলবে। তা শেষ হলে আগস্টের গোড়ায় অর্থাৎ বাদল অধিবেশনে পেশ হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল। সোমবার এই ঘোষণা করে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আমরাই এ রাজ্যে ইউসিসি বিল আনব। গুজরাট, উত্তরাখণ্ড, অসমের পর। এতে সব সম্প্রদায়ের জন্য এক আইন লাগু হবে। আলাদা আলাদা ধর্মের ভিত্তিতে আলাদা কোনও আইন হবে না।শুধু আদিবাসী,জনজাতিরা এর বাইরে থাকবে।”

    এদিন বিধানসভা অধিবেশনে শেষার্ধ্বে অভিন্ন দেওয়ানি বিধি পেশ নিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। জানান, এর জন্য তৈরি কমিটির নেতৃত্বে  থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রসাদ দেশাই। এছাড়া  সদস্য হিসেবে থাকবেন একজন অবসরপ্রাপ্ত আইএএস, শিক্ষাবিদ, সমাজকর্মী, আইনজ্ঞ এবং প্রশাসনিক কাজের অভিজ্ঞতাসম্পন্ন অতিরিক্ত সচিব পর্যায়ের একজন। অন্তত ৯টি বিষয় নিয়ে কাজ হবে। মূল কাজ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধির সঙ্গে কথা বলে তাঁদের মতামত গ্রহণ। আলোচনা হবে বিয়ে, বিবাহবিচ্ছিন্নতা, উত্তরাধিকার, সম্পত্তি বণ্টন-সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে। 

    সোমবার মুখ্যমন্ত্রী জানান, ‘‘চার সপ্তাহ পর কমিটির সুপারিশ মেনে বিল পেশ হবে। আপনাদের কারও এনিয়ে কিছু বক্তব্য থাকলে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের কাছে নিজেদের বক্তব্য জানাবেন। তবে শুনে রাখুন, আমাদের সংকল্প পত্রে ছিল, পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে। তা হবেই।” ইউসিসি চালু হলে ফৌজদারির মতো দেওয়ানি আইনও সমান হয়ে যাবে। শরিয়ত আইনের বিলুপ্তি ঘটবে। আদিবাসীদের ক্ষেত্রে অবশ্য এই আইন প্রযোজ্য হবে না।
  • Link to this news (প্রতিদিন)