১ জুলাই থেকে বন্ধ ৮ রেলস্টেশনের টিকিট কাউন্টার! ভোগান্তির আশঙ্কায় ক্ষুব্ধ যাত্রীরা
News18 বাংলা | ৩০ জুন ২০২৬
আগামী ১ জুলাই থেকে কলকাতা ও শহরতলির পূর্ব রেলের অধীন আটটি রেলস্টেশনের রিজার্ভেশন (পিআরএস) কাউন্টার বন্ধ হতে চলেছে। পূর্ব রেলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগরপাড়া, টিটাগড়, জগদ্দল, বিরাটি, অশোকনগর রোড, মছলন্দপুর, ঢাকুরিয়া এবং নিউ আলিপুর স্টেশনের রিজার্ভেশন কাউন্টার আর চালু থাকবে না। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, কাউন্টারগুলির কাজের চাপ বা ওয়ার্কলোড বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে, এই ঘোষণার পর থেকেই যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে প্রবীণ নাগরিক, গ্রামীণ এলাকার বাসিন্দা এবং যাঁরা অনলাইনে টিকিট বুকিংয়ে অভ্যস্ত নন, তাঁদের সমস্যায় পড়তে হবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। বিরাটি, অশোকনগর-সহ একাধিক স্টেশনে স্থানীয় বাসিন্দারা জানান, দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার জন্য এতদিন স্থানীয় স্টেশনের রিজার্ভেশন কাউন্টারই ছিল ভরসা। কাউন্টার বন্ধ হয়ে গেলে দূরের বড় স্টেশনে গিয়ে টিকিট কাটতে হবে, ফলে সময় ও অর্থ দু’দিক থেকেই বাড়বে ভোগান্তি। যাত্রীদের আরও অভিযোগ, অনলাইনে টিকিট বুকিং করতে গেলে সাইবার ক্যাফে বা বিভিন্ন এজেন্সি অতিরিক্ত পরিষেবা মূল্য আদায় করে।
অন্যদিকে, বড় স্টেশনে গিয়ে টিকিট কাটতে হলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পাশাপাশি দালালচক্রের সমস্যারও মুখোমুখি হতে হয়। এদিন অশোকনগর স্টেশনে গিয়েও রিজার্ভেশন কাউন্টার বন্ধ অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এতে ক্ষোভ প্রকাশ করে তাঁরা অবিলম্বে কাউন্টারগুলি পুনরায় চালু করার দাবি জানান। তাঁদের বক্তব্য, বিস্তীর্ণ এলাকার মানুষের সুবিধার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। রেলযাত্রীদের একাংশের দাবি, ডিজিটাল পরিষেবা বাড়ানো অবশ্যই প্রয়োজন, তবে তার পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে রিজার্ভেশন কাউন্টারগুলিও চালু রাখা জরুরি। এখন পূর্ব রেল এই সিদ্ধান্তে কোনও পরিবর্তন আনে কি না, সেদিকেই নজর সকলের।