বাইক চুরি চক্রে বড় সাফল্য পুলিশের, উদ্ধার ৭টি মোটরসাইকেল, গ্রেফতার ২
News18 বাংলা | ৩০ জুন ২০২৬
মুর্শিদাবাদ জেলার রানীতলা এলাকায় মটর বাইক চুরি চক্রে বড় ধরনের সাফল্য পেল পুলিশ। রবিবার গভীর রাতে রানীতলা থানার পুলিশ একাধিক স্থানে অভিযান চালিয়ে চুরি হওয়া ৭টি মটর সাইকেল উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকা হিসেবে পরিচিত রানীতলায় মটর বাইক চুরি যাচ্ছিল। পুলিশ অভিযোগ পাওয়ার পরেই বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারের লক্ষ্যে বিশেষ নজরদারি ও তদন্ত চালানো হচ্ছিল। সেই তদন্তের সূত্র ধরেই গোপন তথ্যের ভিত্তিতে রবিবার গভীর রাতে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের সময় উদ্ধার হয় মোট ৭টি চুরি হওয়া মটর সাইকেল। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে রানীতলা থানার পুলিশ। ধৃতদের নাম রেন্টু শেখ ও আলমগীর শেখ উভয়ের বাড়ি রানীতলা থানার ঝিকরা গ্রামে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা এবং উদ্ধার হওয়া মোটর সাইকেল গুলির প্রকৃত মালিকদের শনাক্ত করার লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের আজকে ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে লালবাগ কোর্টে পাঠানো হবে বলে জানা যায় পুলিশ সুত্রে। আগামী দিনে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেই পুলিশ জানিয়েছে ।
সম্প্রতি হরিহরপাড়াতেও মটর বাইক চুরি চক্রের পর্দা ফাঁস করে পুলিশ। হরিহরপাড়ার রুকুনপুর মাঠপাড়া এলাকায় বাড়ির সামনে রাখা একটি বাইক চুরি হয়ে যায়। ঘটনার পর বাইকের মালিক শাহজাহান মণ্ডল হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই তৎপর হয় প্রশাসন। হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়ের নির্দেশে এসআই অভিজিৎ দাসের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। জোরদার তদন্ত শুরু হয়। কারণ এর আগেও হরিহরপাড়া থানা এলাকায় একাধিক বাইক চুরির ঘটনা ঘটেছে।