দীর্ঘ পাঁচ বছর গা ঢাকা দিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। একুশের ভোট পরবর্তী হিংসা মামলায় খালিদ-উজ-জামানকে গ্রেপ্তার করল সিবিআই। সোমবার মহারাষ্ট্রের নান্দের জেলায় ইয়েতালা গ্রাম থেকে তাঁকে পাকড়াও করেন তদন্তকারীরা। এ দিনই ধৃতকে ট্রানজিট রিম্যান্ডে কলকাতায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে।
মামলার সূত্রপাত ২০২১ সালের ৩ মে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের পরের দিনই উত্তর ২৪ পরগনার উত্তর কালসারা গ্রামে খুন হন হাসনুর জামান নামে এক ব্যক্তি। কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার দেওয়া হয় সিবিআই-কে। খুনের ঘটনায় মোট ১৩ জন অভিযুক্তের বিরুদ্ধে মূল চার্জশিট এবং সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়। এই ১৩ জনের মধ্যে ছিল খালিদ-উজ-জামানের নামও।
ঘটনার পরেই খালিদ উধাও হয়ে যান বলে অভিযোগ। সিবিআই তাঁকে একাধিক বার তলব করেছিল। কিন্তু অভিযোগ, তিনি একবারও হাজিরা দেননি। অংশ নেননি ট্রায়ালেও। এর পরেই খালিদের খোঁজে শুরু হয় তল্লাশি। গোপন সূত্রে খবর মেলে, তিনি মহারাষ্ট্রের নান্দের জেলার একটি প্রত্যন্ত গ্রামে গা ঢাকা দিয়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে সিবিআইয়ের একটি দল পৌঁছে যায় নান্দের। তার পরে তল্লাশি চালিয়ে ইয়েতালা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা।
সিবিআই জানিয়েছে, গ্রেপ্তারির পরে এ দিনই তাঁকে মহারাষ্ট্রের ধর্মাবাদের কমপিটেন্ট আদালতে পেশ করা হয়। ট্রানজিট রিম্যান্ডে তাঁকে কলকাতায় নিয়ে আসার পক্রিয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে আনার পরে তাঁকে উত্তর ২৪ পরগনার বারাসত আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের এজলাশে পেশ করা হবে বলে জানিয়েছে সিবিআই।