• AI-এর ব্যবহার, অ্যাম্বুল্যান্স-বেড বুকিংও, চালু হলো ‘আরোগ্য সেতু–২’ অ্যাপ
    এই সময় | ৩০ জুন ২০২৬
  • এই সময়, নয়াদিল্লি: ‘আরোগ্য সেতু’ মোবাইল অ্যাপ্লিকেশনের পরিমার্জিত সংস্করণ চালু করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ সোমবার দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে ‘আরোগ্য সেতু-২’ শীর্ষক মোবাইল অ্যাপ্লিকেশনের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা৷ এর আগে করোনা অতিমারীর সময়ে সারা দেশে ব্যবহৃত হতো এই মোবাইল অ্যাপ্লিকেশন৷

    এ বার কেন্দ্র সেই অ্যাপ্লিকেশনটিরই পরিমার্জন করে সেখানে কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স পদ্ধতি প্রয়োগ করেছে৷ এ বার আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করে নিকটবর্তী হাসপাতালে বেড বুক করতে পারবেন গ্রাহকরা৷ হাতের কাছাকাছি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং চিকিত্‍সকদের ডেটাবেসও অ্যাপ ব্যবহারকারীদের হাতের নাগালে চলে আসবে৷ একইসঙ্গে প্রয়োজনীয় গ্রুপের রক্ত কোথায় পাওয়া যাবে, সেই সন্ধানও দেবে এই অ্যাপ্লিকেশন৷

    এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই প্রয়োজনমতো অ্যাম্বুল্যান্স বুকিং করা যাবে৷ কোন কোন হাসপাতালে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা প্রকল্পের অধীনে বিনামূল্যে চিকিত্‍সা পরিষেবা পাওয়া যাচ্ছে, তার তাত্‍ক্ষণিক বিবরণও অ্যাপ ব্যবহারকারীরা পেয়ে যাবেন৷ কোনও ব্যক্তি তাঁর নিজের এবং পরিবারের সদস্যদের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পে কত টাকা খরচ করেছেন, তার বিস্তারিত তথ্যও প্রদান করবে এই আরোগ্য সেতু-২ অ্যাপ্লিকেশন৷

    এর পাশাপাশি অ্যাপ ব্যবহারের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির শরীরের রক্তচাপ, গ্লুকোজ় লেভেল এবং হার্ট রেট পরিমাপও সম্ভব হবে৷ এ দিনের অনুষ্ঠানে অন্যান্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী শ্বারদ্বত মুখোপাধ্যায়ও৷

  • Link to this news (এই সময়)