• সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, ভিজবে কলকাতাও, বিশেষ সতর্কতা উত্তরবঙ্গে
    এই সময় | ৩০ জুন ২০২৬
  • স্বস্তির বৃষ্টিতে আপাতত গরম থেকে মুক্তি পেয়েছে দক্ষিণবঙ্গ। দিন কয়েক ধরে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে রাজ্যের একাধিক জায়গা। তবে বৃষ্টির থেকে বজ্রপাতের দাপটই বেশি দেখা গিয়েছে। যার জেরে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই। তবে ঝড়বৃষ্টির বিশেষ সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে।

    মঙ্গলবার সকাল থেকেই শহরের আকাশের মুখ ভার। রোদের দেখা প্রায় নেই বললেই চলে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে শহরে বাড়বে বৃষ্টির দাপট। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত মোটের উপর স্বস্তিই থাকবে শহর কলকাতায়। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।

    বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত সপ্তাহ জুড়েই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। এ ছাড়াও বজ্রপাতের জন্য বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে। বজ্রপাতের সময়ে খোলা আকাশের নীচে বা গাছের নীচে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

    আজ মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে উত্তরবঙ্গে। যার জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পার্বত্য এলাকায় ধস, নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়াও, একাধিক নদীর জলস্তর বিপদ সীমার উপরে রয়েছে। তবে আগামী সপ্তাহে কমতে পারে বৃষ্টির দাপট।

  • Link to this news (এই সময়)