• হলদিয়া পেট্রোকেমিক্যালে বিধবংসী আগুন
    আজকাল | ৩০ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার ভোরে পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালের ভয়াবহ অগ্নিকাণ্ড। পেট্রোকেমিক্যালের একটি ন্যাপথা পাইপলাইন ফেটে আগুন লাগে। যা মুহূর্মতের মধ্যে ছড়িয়ে পড়ে। আগুনের গ্রাসে হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুর এলাকায় বেশ কয়েকটি বাড়ি। আগুনে পেট্রোকেমিক্যালের একাধিক কর্মী ঝলসে গিয়েছেন বলে জানা গিয়েছে।

    দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। ঝলসে যাওয়া বেশ কয়েকজনকে উদ্ধার করে হলদিয়া মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া তমলুক হাসপাতালেও পাঠানো হয়েছে অনেককে। জখম গুরুতর হওয়া কয়েকজনকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে।

    জানা গিয়েছে, ভোর চারটে থেকে সাড়ে চারটের মধ্যে এই ঘটনাটি ঘটে। হঠাৎ করেই ন্যাপথা পাইপলাই ফেটে তাতে আগুন ধরে যায়। ফলে আশেপাশে থাকা বেশ কয়েকজন শ্রমিক অগ্নিদগ্ধ হন। রীতিমতো আতঙ্ক ছড়ায় পেট্রোকেমিক্যালের মধ্যে।

    স্থানীয় বাসিন্দা ও শোধনাগারের কর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

    আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। শোধনাগার কর্তৃপক্ষ এ বিষয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করেনি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

    ন্যাপথা হলো অপরিশোধিত তেল থেকে প্রাপ্ত অত্যন্ত দাহ্য একটি পেট্রোলিয়াম পণ্য, যা পেট্রোল ও কেরোসিনের মতো জ্বালানি উৎপাদনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

    এই অগ্নিকাণ্ড সমন্ধে হলদিয়া বিধানসভার বিধায়ক প্রদীপ বিজলী বলেন,  "তমলুকের হাসপাতালে বেশিরভাগ ভর্তি থাকলেও বেশ কয়েকজনকে কলকাতায় পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তবে শিল্প এলাকায় এরকম দুর্ঘটনা ঘটতেই পারে। এতে কাউকে দোষারোপা করা যাবে না।"

     
  • Link to this news (আজকাল)