• বাংলায় OBC ক্যাটেগরিতে কত সম্প্রদায়? এ বার খোলনোলচে বদলে যাচ্ছে, সহজে জেনে নিন
    আজ তক | ৩০ জুন ২০২৬
  • OBC সংক্রান্ত দুটি সংশোধনী বিল ইতিমধ্যেই পাস হয়ে গিয়েছে বিধানসভায়। OBC কোটা ও তালিকায় তৃণমূল কংগ্রেসের আমলের যেভাবে ক্যাটেগরি বাড়ানো হয়েছিল, তা বাতিল করা হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময়ে ওবিসি বা অনগ্রসর পিছিয়ে পডা শ্রেণির জন্য ১৭ শতাংশ সংরক্ষণ করা হয়েছিল। এবার তা ৭ শতাংশ হচ্ছে। মূলত কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক রায়কে মান্যতা দিতেই এই বিলটি আনা হয়েছে বলে এদিন স্পষ্ট করে দেয় রাজ্য সরকার৷

    জোড়া বিলের মধ্যে একটি হল পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন (সংশোধনী) বিল, ২০২৬ ও আরেকটি পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি (তফসিলি জাতি ও তফসিলি উপজাতি ব্যতীত) (সরকারি চাকরি ও পদে সংরক্ষণ) সংশোধনী বিল, ২০২৬। পশ্চিমবঙ্গ বিধানসভায় OBC সংরক্ষণ সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল পাস হয়েছে। এই বিলগুলির মাধ্যমে রাজ্যে অনগ্রসর শ্রেণির সংরক্ষণ ব্যবস্থা নতুন ভাবে সাজানো হচ্ছে। পাশাপাশি OBC তালিকা তৈরি এবং সংরক্ষণের নিয়মেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

    OBC 'এ' ও 'বি' তালিকায় কী বদল?

    বর্তমানে OBC 'এ' (Category A)-এর আওতায় থাকা ৬৫টি সম্প্রদায়ের তালিকায় কোনও পরিবর্তন করা হয়নি। তবে OBC 'বি' (Category B)-এর ৭৮টি সম্প্রদায়ের পুরনো তালিকা নতুন আইন থেকে বাদ দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোন সম্প্রদায় OBC তালিকায় থাকবে বা নতুন করে যুক্ত হবে, তা আর পুরনো তালিকার ভিত্তিতে নয়, রাজ্য অনগ্রসর শ্রেণি কমিশনের সুপারিশ অনুযায়ী ঠিক হবে।

    নতুন আইনে কী কী পরিবর্তন হচ্ছে?

    আইনের নাম পরিবর্তন করে West Bengal Backward Classes (Reservation in Posts) Act, 2012 করা হচ্ছে। OBC হিসেবে কোন সম্প্রদায়কে স্বীকৃতি দেওয়া হবে, তা West Bengal Commission for Backward Classes Act, 1993 অনুযায়ী নির্ধারণ করা হবে। পুরনো আইনের ১৬ নম্বর ধারা বাতিল করা হচ্ছে। পুরনো তফসিল-১ ও তফসিল-৩ বাদ দেওয়া হচ্ছে। বর্তমান তফসিল-২কে নতুন তফসিল-১ হিসেবে ধরা হবে।

    সংরক্ষণের নিয়ম কী হবে?

    রাজ্য সরকার পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশনের সঙ্গে আলোচনা করে OBC সংরক্ষণের হার নির্ধারণ করবে। প্রয়োজনে সরকারি গ্যাজেট প্রকাশ করে সেই হার পরিবর্তনও করা যাবে। তবে একটি বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে, তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং OBC মিলিয়ে মোট সংরক্ষণ কখনও ৫০ শতাংশের বেশি হবে না। এছাড়া কমিশনের সুপারিশ অনুযায়ী OBC-দের সামাজিক, শিক্ষাগত ও আর্থিক অবস্থার ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যাবে এবং প্রতিটি শ্রেণির জন্য আলাদা সংরক্ষণের হারও নির্ধারণ করা সম্ভব হবে।

    অনগ্রসর শ্রেণি কমিশনেও বড় পরিবর্তন

    পাশাপাশি West Bengal Backward Classes Commission (Amendment) Bill, 2026-ও পাস হয়েছে। এই সংশোধনী অনুযায়ী, কমিশনে একজন চেয়ারম্যান, তিনজন সদস্য এবং একজন সদস্য-সচিব থাকবেন। সদস্য সচিব হিসেবে এমন একজন আধিকারিককে নিয়োগ করা হবে, যিনি রাজ্য সরকারের অতিরিক্ত সচিব পদে অন্তত তিন বছর কাজ করেছেন। কোনও নতুন সম্প্রদায়কে OBC তালিকায় অন্তর্ভুক্ত করা বা তালিকা থেকে বাদ দেওয়ার আগে কমিশন বিস্তারিত সমীক্ষা করে রাজ্য সরকারকে সুপারিশ করবে।
  • Link to this news (আজ তক)