ডিজে বাজানো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। যা নিয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। সিআইডি মামলার তদন্ত করছে। অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে বলে নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। এ দিকে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছেন অভিষেকও। মঙ্গলবার অর্থাৎ আজ বিকেল ৪টেয় শুনানি হওয়ার কথা। কলকাতা হাইকোর্টে যে হেতু এই মামলার শুনানি হবে, তাই সিআইডিকে তাড়াহুড়ো না করে অপেক্ষা করতে মৌখিক নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
অভিষেকের আইনজীবীরা এ দিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দৃষ্টি আকর্ষণ করেন। আদালতের মৌখিক নির্দেশ, আপাতত সিআইডি যেন এর মধ্যে তাড়াহুড়ো করে কোনও পদক্ষেপ না করে।
এ দিকে বিধাননগর সাইবার থানার মামলায় এ দিনই বিকেল ৪টেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গলার স্বরের নমুনা দিতে নির্দেশ দিয়েছে বিধাননগর আদালত। আপাতত বেলা ৪টের সময়ে এই মামলার কী আপডেট হয়, তার উপরে নির্ভর করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এ দিনই নিম্ন আদালতে গিয়ে গলার স্বরের নমুনা প্রদান করতে হবে কি না।
গত ৪ মে ভোটের ফল প্রকাশের পরে ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক। এই মন্তব্যকে উস্কানিমূলক বলে অভিযোগ তুলে অভিষেকের নামে বাগুইআটি থানা ও বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তভার নেয় সিআইডি। ভবানী ভবনে তলব করে জিজ্ঞাসাবাদও করা হয় অভিষেককে।
বিধাননগর আদালতে সিআইডি জানায়, এই মামলায় অভিষেকের ভয়েস স্যাম্পল নিতে চায় তারা। গত ২৩ জুন আদালত অনুমতিও দেয়। আজ, ৩০ জুন সশরীরে হাজির হয়ে ডায়মন্ড হারবারের সাংসদকে তাঁর কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। রেকর্ডিংয়ে থাকার কথা ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক বিশেষজ্ঞদেরও। তার আগে মামলা হাইকোর্টে।