ডিম ছোড়ার ঘটনা নিয়ে করা জনস্বার্থ মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ, মানুষ নিজেদের হাতে আইন তুলে নিতে পারেন না। রাজ্যের সামাজিক দায়িত্ব সবাইকে নিরাপত্তা দেওয়া। এই ব্যাপারে একটা গাইডলাইন তৈরি করে রাজ্যকে তা প্রচার করতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট। এ ভাবে ডিম ছুড়লে কী আইনি ব্যবস্থা নেওয়া হবে তারও প্রচার করতে হবে রাজ্যকে।
ডিম ছোড়ার ঘটনায় এখনও পর্যন্ত কতগুলি মামলা হয়েছে, সেই সংক্রান্ত তথ্য ২০ জুলাই হলফনামা দিয়ে রাজ্যকে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও জানাতে হবে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
ডিম ছোড়ার ঘটনায় এর আগে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টচার্য। তাঁরা একাধিক বার ডিম ছোড়া বা ডিম নিয়ে হামলার ঘটনার কড়া নিন্দা করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে, রাজ্যের কোনও নাগরিক যেন নিজের হাতে আইন না তোলেন। কোনও অভিযোগ থাকলে তা পুলিশ-প্রশাসনকে জানাতে বলেছিলেন। পুলিশ ও প্রশাসনই সব পদক্ষেপ করবে বলে জানিয়েছিলেন তিনি।
রাজ্যে বেশ কিছুদিন ধরেই তৃণমূলের নেতাদের ডিম ছোড়ার ঘটনা ঘটছে। অনেক সময়ে স্থানীয় বাসিন্দাদের ডিম ছুড়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে। অনেক সময়ে অভিযুক্ত তৃণমূল নেতাদের দেখেও ডিম ছুড়েছেন বাসিন্দারা। পুলিশ গ্রেপ্তার করতে আসার সময়ে অথবা আদালতে তোলার সময়েও ডিম ছুড়তে দেখা গিয়েছে।