নিজেই বুলডোজার চালিয়ে পদ্মা খাল ও নাংলা বিল সংস্কারের কাজ শুরু করলেন বিধায়ক। জলমগ্ন হাবরাকে দিলেন মুক্তির আশ্বাস। দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যার সমাধানে অবশেষে শুরু হল হাবরার পদ্মা খাল ও নাংলা বিল সংস্কারের কাজ। রাজ্যের সেচ দফতরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করেন হাবরার বিধায়ক দেবদাস মণ্ডল।
দাবি, খাল সংস্কারের কাজ সম্পূর্ণ হলে আগামী বর্ষা থেকেই হাবরা বিধানসভার বিস্তীর্ণ এলাকার মানুষ দীর্ঘদিনের জলযন্ত্রণা থেকে অনেকটাই মুক্তি পাবেন। বহু বছর ধরে পদ্মা খাল সংস্কার না হওয়ায় বর্ষার সময় হাবরার একাধিক এলাকায় জল জমে থাকত। ফলে সাধারণ মানুষের নিত্যদিনের জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগের শিকার হতেন স্থানীয় বাসিন্দারা। অতীতে খাল সংস্কারের পরিকল্পনা নেওয়া হলেও বাস্তবে সেই কাজ এগোয়নি বলে অভিযোগ।
সম্প্রতি হাবরার বিধায়ক দেবদাস মণ্ডল প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে পদ্মা খাল সংস্কারের বিষয়ে উদ্যোগ নেন। তারই পরিপ্রেক্ষিতে এদিন থেকে আনুষ্ঠানিকভাবে সংস্কারের কাজ শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক দেবদাস মণ্ডল বলেন, বহু বছর ধরে পদ্মা খাল, নাংলা বিল সংস্কার না হওয়ায় হাবরার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। অতীতে এই সমস্যার স্থায়ী সমাধানে কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
অবশেষে এদিন থেকে খাল সংস্কারের কাজ শুরু হয়েছে। যদিও বর্ষা শুরু হয়ে যাওয়ায় কাজের কিছুটা অসুবিধা হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে আগামী বছর থেকেই হাবরার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি পাবেন বলে আশা করছি। স্থানীয় বাসিন্দাদেরও আশা, দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হওয়া এই প্রকল্প নির্ধারিত সময়ে সম্পূর্ণ হলে প্রতি বর্ষায় জলমগ্ন হয়ে পড়া হাবরার বিস্তীর্ণ এলাকার দুর্ভোগ অনেকটাই কমবে।