বদলে যাচ্ছে মুর্শিদাবাদের ছবি! সীমান্ত সুরক্ষা থেকে জাতীয় সড়ক, ২ মেগা প্রকল্পে বিরাট ধামাকা
News18 বাংলা | ৩০ জুন ২০২৬
: জাতীয় প্রকল্পে বড় সাফল্য মুর্শিদাবাদে। সীমান্ত সুরক্ষা ও সড়ক পরিকাঠামোয় দ্রুত অগ্রগতি লক্ষ্যে এগিয়ে এল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। জেলায় সীমান্ত সুরক্ষা এবং সড়ক পরিকাঠামো উন্নয়নের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্পে জমি হস্তান্তর করল প্রশাসন।
বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদের জেলাশাসক আর অর্জুন জানান, সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) জন্য প্রয়োজনীয় জমির ৯২ শতাংশেরও বেশি এবং জাতীয় সড়ক ১১৬এ (NH-116A) ইকোনমিক করিডোর প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমির ৯০ শতাংশ হস্তান্তর প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এমনকি বিএসএফকে জমি হস্তান্তর করা হল। ফলে আরও সীমান্ত সুরক্ষার মজবুত হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিএসএফের আগেও একাধিকবার জমি হস্তান্তর করা হয়েছে। আবার নতুন করে ১১.৮৮৭১ কিলোমিটার দীর্ঘ ৮৮.২০২৩ একর জমি হস্তান্তর করা হয়েছে। এর ফলে এখনও পর্যন্ত মোট হস্তান্তরিত জমির পরিমাণ দাঁড়িয়েছে ৩৩৬.৭৯৬৭ একর, যা মোট প্রয়োজনীয় ৩৬২.৮৯৪২ একর জমির প্রায় ৯২.৮ শতাংশ। দৈর্ঘ্যের হিসেবে মোট প্রয়োজনীয় ৪৯.০৫৪ কিলোমিটারের মধ্যে ৪৫.৩৯০৩ কিলোমিটার জমি ইতিমধ্যেই বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি রয়েছে মাত্র ২৬.২ একর (৩.৩৫ কিলোমিটার) জমি। পাশাপাশি, জাতীয় সড়ক-১১৬এ ইকোনমিক করিডোর প্রকল্পের কাজের গতি বাড়াতে অতিরিক্ত ৫.৯২ কিলোমিটার দীর্ঘ ৮৭.০১৪৭ একর জমি বর্ধমানের প্রকল্প অধিকর্তার হাতে তুলে দেওয়া হয়েছে। এই হস্তান্তরের ফলে ৩৮.৫ কিলোমিটার দীর্ঘ এই জাতীয় সড়ক প্রকল্পের মোট ৩৪.৬২ কিলোমিটার জমি হস্তান্তর সম্পন্ন হল, যা মোট প্রয়োজনের ৯০ শতাংশ। এই প্রকল্পে এখন মাত্র ৩.৮৮ কিলোমিটার তথা প্রায় ৪৫ একর জমি হস্তান্তর বাকি আছে।
সাংবাদিক বৈঠকে জেলাশাসক আর অর্জুন বলেন, “এই বিপুল অগ্রগতি সীমান্ত পরিকাঠামো মজবুত করার পাশাপাশি জেলার যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি ঘটাবে। জাতীয় সড়ক ও বিএসএফকে জমি হস্তান্তর করার ফলে জেলার আরও অগ্রগতি ঘটবে। সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া দিলেই সীমান্ত আরও সুরক্ষা বৃদ্ধি পাবে। এছাড়াও জেলায় জাতীয় সড়ক তৈরি হলেই আর্থ সামাজিক উন্নয়ন সঙ্গে সড়ক পরিবহণে মুর্শিদাবাদ জেলা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।