কেতন আগরওয়াল হত্যা মামলায় তদন্তের মাঝেই এ বার অন্য এক বিতর্কে জড়ালেন অভিযুক্ত সিয়া গোয়েল। পুনে ব্যবসায়ী খুনে অভিযুক্ত তরুণীর হয়ে কে আদালতে সওয়াল করবেন সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সিয়ার হয়ে মামলা লড়ার দাবি করেছেন আইনজীবী আশুতোষ শ্রীবাস্তব। তিনি সিয়ার ভাই সাহিল গোয়েলকে ১০ কোটি টাকার মানহানির আইনি নোটিস পাঠিয়েছেন।
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আশুতোষ শ্রীবাস্তব দাবি করেছেন, সিয়া গোয়াল নিজে তাঁকে আইনজীবী হিসেবে নিযুক্ত করেছেন এবং সেই সংক্রান্ত নথিও আদালতে জমা রয়েছে। তাঁর বক্তব্য, তিনি বৈধভাবেই সিয়ার হয়ে আইনি লড়াই করছেন এবং এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
অন্যদিকে, সিয়ার ভাই সাহিল গোয়েল প্রকাশ্যে দাবি করেছেন, তাঁদের পরিবার আশুতোষ শ্রীবাস্তবকে নিয়োগ করেনি। পরিবারের পক্ষ থেকে বিপুল দুশিংয় নামে এক আইজীবীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও দাবি করা হয়। এখানেই শেষ নয় সাহিলের অভিযোগ, আশুতোষ শ্রীবাস্তব পরিবারের অনুমতি না নিয়েই কেস লড়ার দাবি করছেন। ওকালতনামায় সিয়ার যে সই আইনজীবী দেখাচ্ছেন তাও প্রতারণার মাধ্যমে নেওয়া।
সিয়ার ভাইয়ের এই মন্তব্যের পরেই আশুতোষ শ্রীবাস্তব সাহিল গোয়েলকে ১০ কোটি টাকার মানহানির আইনি নোটিস পাঠান। নোটিসে বলা হয়েছে, আশুতোষ শ্রীবাস্তবের পেশাগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনসমক্ষে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর অভিযোগ করা হয়েছে। তাই প্রকাশ্যে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে ও ক্ষমা চাওয়া না হলে আইনি পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে নোটিসে।
বিতর্কের সূত্রপাত হয় সোমবার। পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পরে সিয়া গোয়েল এবং তার সঙ্গে খুনে অভিযুক্ত প্রেমিক চেতন চৌধুরীকে ভাদগাঁও মাভাল আদালতে হাজির করা হয়। শুনানির সময়ে হঠাৎ আদালতে এসে আইনজীবী আশুতোষ শ্রীবাস্তব সিয়ার হয়ে কেস লড়ার দাবি করেন। আদালতে সিয়ার সই করা একটি ওকালতনামা দাখিল করেন। তবে, সিয়া আদালতকে জানান যে শ্রীবাস্তব নন, বরং আইনজীবী বিপুল দুশিংই তার আইনজীবী।
উল্লেখ্য, ১৮ জুন পুনের লোহাগড় দুর্গ এলাকায় উল্লেখ্য, কেতন আগরওয়ালের মৃত্যুর ঘটনাটি প্রথমে দুর্ঘটনা হিসেবে দেখা হলেও পরে তদন্তকারীরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখছেন। মামলায় সিয়া গোয়েল ও চেতন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত চলছে এবং আদালতের নির্দেশে তাঁদের পুলিশি হেফাজতও বাড়ানো হয়েছে। এই নতুন আইনি টানাপোড়েনের ফলে মূল ফৌজদারি তদন্তের পাশাপাশি এখন অভিযুক্তের আইনজীবী নিয়েও নতুন বিতর্ক তৈরি হয়েছে।