ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে বড় ধাক্কা তৃণমূলের দুই গোষ্ঠীর। প্রতি বছর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ করে তৃণমূল। কিন্তু এ বার ওই চত্বরে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (যা ছিল ১৪৪ ধারা) জারি করল পুলিশ। ৬০ দিন এই ধারা বলবৎ থাকবে। এই সময়ে কোনও জমায়েত করা যাবে না। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা মঙ্গলবার এই নির্দেশিকা জারি করেছেন। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, বিশ্বস্ত সূত্র মারফত তাঁদের কাছে খবর এসেছে, হিংসাত্মক বিক্ষোভ (violent demonstration) হতে পারে। যার জেরে ব্যাহত হতে পারে শান্তিশৃঙ্খলা। তাই ২ জুলাই থেকে ৩০ অগস্ট পর্যন্ত ১৬৩ ধারা বলবৎ থাকবে।
নির্দেশে বলা হয়েছে, আগামী ২ জুলাই থেকে ৩০ অগস্ট পর্যন্ত বউবাজার থানা এলাকা, হেয়ার স্ট্রিট থানা এলাকা, কলকাতা ট্র্যাফিক পুলিশের হেড কোয়ার্টার গার্ড এবং কেসি দাসের মোড় থেকে ভিক্টোরিয়া হাউস (CESC সদর দপ্তর) পর্যন্ত ১৬৩ ধারা বলবৎ থাকবে।
এর ফলে মধ্য কলকাতার এই সব চত্বরে লোকসমাগম, জমায়েত, মিটিং মিছিল, বিক্ষোভ প্রদর্শন বা অবস্থান বিক্ষোভ করা যাবে না। তবে এই নিষেধাজ্ঞা বেন্টিঙ্ক স্ট্রিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।