• হলদিয়ায় অগ্নিকাণ্ডে কোন কোন ট্রেন বাতিল জানেন?
    আজকাল | ৩০ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: গ্যাস পাইপ ফেটে পূর্ব মেদিনীপুরে হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনার জেরে হলদিয়া-দুর্গাচক রুটে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা।

    রেল সূত্রে খবর, মঙ্গলবার ভোর ৫.২০ মিনিট থেকে হলদিয়া পেট্রোকেমিক্যালে গ্যাস পাইপ ফেটে আগুন লাগার ঘটনায় হলদিয়া ও দুর্গাচকের মধ্যে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।

    পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে। এই ঘটনার জেরে একাধিক ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। ৩০ জুন হলদিয়া-হাওড়া লোকাল বাতিল করা হয়েছে। অন্যদিকে হাওড়া-হলদিয়া লোকাল দুর্গাচক পর্যন্ত চালানো হবে।

    হলদিয়া-পাঁশকুড়া লোকালও দুর্গাচক থেকেই যাত্রা শুরু করবে। এছাড়াও আসানসোল-হলদিয়া এক্সপ্রেস তমলুক পর্যন্ত চালানো হবে এবং হলদিয়া-আসানসোল এক্সপ্রেস তমলুক থেকেই যাত্রা শুরু করবে।

    রেলের তরফে জানানো হয়েছে, গ্যাস পাইপ ফাটার জেরে নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের হলদিয়া-দুর্গাচক রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে জানা গিয়েছে রেল সূত্রে।

    মঙ্গলবার ভোরে পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পেট্রোকেমিক্যালের একটি ন্যাপথা পাইপলাইন ফেটে আগুন লাগে। যা মুহূর্মতের মধ্যে ছড়িয়ে পড়ে।

    আগুনের গ্রাসে হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুর এলাকায় বেশ কয়েকটি বাড়ি। আগুনে পেট্রোকেমিক্যালের একাধিক কর্মী ঝলসে গিয়েছেন বলে জানা গিয়েছে।

    দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। ঝলসে যাওয়া বেশ কয়েকজনকে উদ্ধার করে হলদিয়া মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া তমলুক হাসপাতালেও পাঠানো হয়েছে অনেককে।

    জখম গুরুতর হওয়ায় ছয়’জনকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে। এঁদের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, ভোর চারটে থেকে সাড়ে চারটের মধ্যে এই ঘটনাটি ঘটে। হঠাৎ করেই ন্যাপথা পাইপলাইন ফেটে তাতে আগুন ধরে যায়।

    ফলে আশেপাশে থাকা বেশ কয়েকজন শ্রমিক অগ্নিদগ্ধ হন। রীতিমতো আতঙ্ক ছড়ায় পেট্রোকেমিক্যালের মধ্যে। স্থানীয় বাসিন্দা ও শোধনাগারের কর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান।

    আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। শোধনাগার কর্তৃপক্ষ লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘আমাদের হলদিয়া কেন্দ্রে ঘটে যাওয়া একটি ঘটনা সম্পর্কে আমরা অবগত, যেখানে কয়েকজন লোক আহত হয়েছে বলে জানা গেছে।  আমাদের চিন্তাভাবনা ক্ষতিগ্রস্তদের নিয়ে এবং আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সমস্ত সহায়তা প্রদান করছি। প্ল্যান্টের আশেপাশে অবস্থিত একটি অননুমোদিত ন্যাপথা চুরির পয়েন্টের আশেপাশে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তথ্য থেকে জানা গেছে। ঘটনার সঠিক কারণ তদন্ত সাপেক্ষ। এই পর্যায়ে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আরও মন্তব্য করা বা দায়ী করা সম্ভব নয়। নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং আমরা তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা চালিয়ে যাব।’

    ন্যাপথা হল অপরিশোধিত তেল থেকে প্রাপ্ত অত্যন্ত দাহ্য একটি পেট্রোলিয়াম পণ্য, যা পেট্রোল ও কেরোসিনের মতো জ্বালানি উৎপাদনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

    এই অগ্নিকাণ্ড সমন্ধে হলদিয়া বিধানসভার বিধায়ক প্রদীপ বিজলী বলেন,  ‘তমলুকের হাসপাতালে বেশিরভাগ ভর্তি থাকলেও বেশ কয়েকজনকে কলকাতায় পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তবে শিল্প এলাকায় এরকম দুর্ঘটনা ঘটতেই পারে। এতে কাউকে দোষারোপ করা যাবে না।’
  • Link to this news (আজকাল)